দেশের মানুষের নিরাপত্তা দিতে সরকার ব্যর্থ : রিজভী
-
রুহল কবির রিজভী (ফাইল ফটো)
বাংলাদেশের সরকার দেশের মানুষের জানমালের নিরাপত্তা দিতে সম্পূর্ণ ব্যর্থ বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়ম যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।
আজ (শুক্রবার) সকালে কুড়িগ্রাম প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময়ের সময়, তিনি এ কথা বলেন
রিজভী বলেন, এ সরকার সম্পূর্ণরূপে ব্যর্থ। তার আর করণীয় কিছুই নেই। দেশের মানুষের নিরাপত্তা দিতে এবং নিরাপত্তা বেষ্টনী গড়ে তুলতে সরকার ব্যর্থ হয়েছে। এ ব্যর্থতার দায় স্বীকার করে ক্ষমতা থেকে সরে দাড়ানো এবং নিরপেক্ষ সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে একটি সুষ্ঠু নির্বাচন দেয়ার দাবি জানান তিনি।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া বক্তব্যের সমালোচনা করে রিজভী বলেন, দেশের অভ্যন্তরে একের পর এক রক্তঝরা ঘটনা ঘটছে আর স্বাধীন রাষ্ট্রের প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনা বিরোধী রাজনৈতিক দলগুলোকে দায়ী করার পর এবার বিদেশিদের দায়ী করছেন।
তিনি আরো বলেন, এ সরকারের মধ্যে এমন কিছু অন্তনিহিত বিষয় আছে যার কারণে জঙ্গির বিষয়ে জনগণকে জানতে দেয়া হচ্ছে না। জঙ্গির ঘটনা আড়াল করতেই তাদেরকে আইনের আওতায় না এনে ক্রসফায়ারের নামে হত্যা করা হচ্ছে। জঙ্গিবাদ কারা করছে, কারা এইসব হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত, দেশের মানুষ তা জানতে চায় বলেও জানান রিজভী।
এদিকে, গুলশানে সন্ত্রাসী হামলায় নিহতদের স্মরণে শোকসভা করবে ঢাকা মহানগর বিএনপি। আগামী ১২ জুলাই এ শোকসভাটি অনুষ্ঠিত হবে। একইদিনে দেশব্যাপী মহানগর ও জেলা শহরে এ শোকসভা পালন করবে বিএনপি।
আজ (শুক্রবার) দুপুরে নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগরের এক অনানুষ্ঠানিক বৈঠকে এ সিদ্ধান্ত হয়। বৈঠকের রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে এ শোকসভা অনুষ্ঠিত হবে বলে সিদ্ধান্ত হয়।
সন্ত্রাস ও উগ্রবাদ প্রতিরোধ এবং রাজধানীর গুলশানে জঙ্গি হামলায় নিহতদের স্মরণে আগামী ১২ জুলাই দেশব্যাপী ‘শোক দিবস’ পালন করবে বিএনপি। ওইদিন সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে শোক সভা ও শোক মিছিল করবে দলটি। এছাড়া সারাদেশের দলীয় কার্যালয়ে কালো পতাকা উত্তোলন, দলীয় পতাকা অর্ধনমিত করণ ও কালোবাজ ধারণ করা হবে বলে জানা গেছে।#
পার্সটুডে/শামস মন্ডল/গাজী আবদুর রশীদ/৮