বিএনপির জঙ্গিবাদবিরোধী জাতীয় ঐক্যের ডাক জাতির সঙ্গে তামাশা: তোফায়েল
https://parstoday.ir/bn/news/bangladesh-i14542-বিএনপির_জঙ্গিবাদবিরোধী_জাতীয়_ঐক্যের_ডাক_জাতির_সঙ্গে_তামাশা_তোফায়েল
জঙ্গিবাদ মোকাবিলায় জামায়াতকে সঙ্গে নিয়ে জাতীয় ঐক্যের ডাক দিয়ে বিএনপি জাতির সঙ্গে তামাশা করেছে বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।
(last modified 2026-06-24T09:59:37+00:00 )
জুলাই ১৪, ২০১৬ ১৪:০৮ Asia/Dhaka
  • বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ
    বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ

জঙ্গিবাদ মোকাবিলায় জামায়াতকে সঙ্গে নিয়ে জাতীয় ঐক্যের ডাক দিয়ে বিএনপি জাতির সঙ্গে তামাশা করেছে বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।

আজ (বৃহস্পতিবার) সকালে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে, এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। চলতি অর্থবছরের রপ্তানি লক্ষ্যমাত্রা ঘোষণা উপলক্ষে এ সংবাদ সম্মেলন আয়োজন করা হয়।

আগামী ২০১৬-১৭ অর্থ বছরের জন্য ৩৭ বিলিয়ন ডলার রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা ঘোষণা করেন বাণিজ্যমন্ত্রী। রফতানি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা হচ্ছে ৮ শতাংশ।

তোফায়েল আহমেদ বলেন, “আমাদের খারাপ লাগে, যারা সন্ত্রাসী বা জঙ্গি তৎপরতার সঙ্গে লিপ্ত, যে দলের বিরুদ্ধে স্বাধীনতাবিরোধী, মানবতাবিরোধী অপরাধের বিচার হচ্ছে, যে দলকে একটা মানবতাবিরোধী সন্ত্রাসী দল হিসেবে চিহ্নিত করা হয়েছে, সেই দলের সঙ্গে বিএনপি ঐক্য করে জাতীয় ঐক্যের আহ্বান জানিয়েছে। একটা সন্ত্রাসী দলকে সঙ্গে নিয়ে যারা জাতীয় ঐক্যের ডাক দেয়, মূলত তারা জাতির সঙ্গে তামাশা করেছে।”

তিনি আরও বলেন, “বাঙালি বীরের জাতি, বাঙালি অতীতে বহুবার চ্যালেঞ্জ মোকাবিলা করেছে। মুক্তিযুদ্ধে আমরা বিজয়ী হয়েছি। আগামী দিনগুলোতেও আমাদের চলার পথে কেউ বাধা সৃষ্টি করতে পারবে না। আজকে ঘরে ঘরে সন্ত্রাসের বিরুদ্ধে আবার একাত্তরের মতো দুর্গ গড়ে তুলতে হবে।”

এদিকে, সাইবার অপরাধ, সন্ত্রাস মোকাবেলা, গণতন্ত্র রক্ষা ও টেকসই উন্নয়নকে এগিয়ে নিতে বাংলাদেশ-আমেরিকার একসঙ্গে কাজ করবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

আজ (বৃহস্পতিবার) দুপুরে সচিবালয়ে মার্কিন রাষ্ট্রদূত মার্সিয়া বার্নিকাটের সঙ্গে বৈঠক শেষে তথ্যমন্ত্রী সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, “আমেরিকা ও বাংলাদেশ রাজনৈতিক ও আর্থ-সামাজিক বিষয়ে ঘনিষ্ঠ মিত্র। আজকে সারা বিশ্ব যখন জঙ্গীবাদের উৎপাত দ্বারা আক্রান্ত তখন গণমাধ্যম একটি গুরুত্বপূর্ণ বিষয়। সাইবার অপরাধ, সন্ত্রাস মোকাবেলায়, গণতন্ত্রকে রক্ষায় ও টেকসই উন্নয়নকে এগিয়ে নিতে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এ চারটি বিষয় নিয়েই আলোচনা হয়েছে। কারণ এসব বিষয়ে দুদেশ ঘনিষ্ঠ মিত্র। বাংলাদেশ ও আমেরিকা এ চারটি বিষয়ে একসঙ্গে কাজ করবে।”#

পার্সটুডে/আবদুর রহমান খান/আশরাফুর রহমান/১৪