‘ঐক্যের আহ্বানে সাড়া না দিয়ে সরকার সন্ত্রাসবাদে উৎসাহ দিচ্ছে’
https://parstoday.ir/bn/news/bangladesh-i14728-ঐক্যের_আহ্বানে_সাড়া_না_দিয়ে_সরকার_সন্ত্রাসবাদে_উৎসাহ_দিচ্ছে’
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপি আজ জানিয়েছে, সরকার যদি তাদের জাতীয় ঐক্যের প্রস্তাব ফিরিয়ে দেয়, যদি জাতীয় ঐক্য অর্জিত না হয় তবে সন্ত্রাস ও উগ্রবাদ প্রতিরোধে বিএনপির পক্ষে যা করা সম্ভব, তারা সবই করবে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুলাই ১৬, ২০১৬ ১৩:৩২ Asia/Dhaka

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপি আজ জানিয়েছে, সরকার যদি তাদের জাতীয় ঐক্যের প্রস্তাব ফিরিয়ে দেয়, যদি জাতীয় ঐক্য অর্জিত না হয় তবে সন্ত্রাস ও উগ্রবাদ প্রতিরোধে বিএনপির পক্ষে যা করা সম্ভব, তারা সবই করবে।

আজ (শনিবার) রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান এমন মন্তব্য করেন। তিনি বলেছেন, সরকারকে সহযোগিতা করার জন্য বিএনপি জাতীয় ঐক্যের আহ্বান জানিয়েছে। সরকার যদি শর্তারোপ করে সে প্রস্তাব ফিরিয়ে দিতে চায়, তা পারে।

নজরুল ইসলাম খান জানান, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কথা বলছেন, তার ওপরই কর্মসূচি ঘোষণা দায়িত্ব দেয়া হয়েছে। তিনিই কর্মসূচি ঘোষণা করবেন।

জাতীয় ঐক্য গড়তে বিএনপি জামায়াতকে ছাড়বে কি না—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে নজরুল ইসলাম খান পাল্টা প্রশ্ন ছুড়ে দিয়ে বলেন, ‘অলটারনেটিভ করার চেষ্টা করছেন কেন? আমরা বলছি জাতীয় ঐক্যের কথা। সেখান আলোচনা যখন শুরু হবে, তখন এটি দেখা যাবে।’ তিনি সাংবাদিকদের বলেন, ‘রাজাকার-স্বৈরাচারদের সঙ্গে যখন সরকার গঠন হয়, এটা নিয়ে তখন আপনারা প্রশ্ন করেন না কেন?’

সংবাদ সম্মেলনে নজরুল ইসলাম খান বলেন, বিএনপির চেয়ারপারসন জাতীয় ঐক্যের যে ডাক দিয়েছেন, তা দেশে-বিদেশে প্রশংসিত হয়েছে। কিন্তু সরকারের কয়েকজন মন্ত্রী ও নেতা ‘ব্লেইম গেমের’ আশ্রয় নিয়ে খালেদা জিয়া ও বিএনপিকে দোষারোপ করছেন।

নজরুল ইসলাম খান আরো বলেন, শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী-প্রশাসন দিয়ে সন্ত্রাসবাদ দমন সম্ভব হয়নি, হবেও না। এ জন্য জাতীয় ঐক্যের বিকল্প নেই। কিন্তু সরকার সে ঐক্যের আহ্বানে সাড়া না দিয়ে চরম দায়িত্বহীনতার পরিচয় দিচ্ছে। আর কার্যত তারা প্রকৃত অপরাধীদের আড়াল করে সন্ত্রাসবাদে উৎসাহ দিচ্ছে।

এ প্রসঙ্গে ২০-দলীয় জোটের অন্যতম শরীক বাংলাদেশ কল্যান পার্টির চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম রেডিও তেহরানকে বলেছেন, সরকার যদি তাদের আহ্বানে সাড়া না দেয় তাহলে জোটের নেতারা আবার বসে তাদের নিজেরদের উদ্যোগে , নিজেদের সামর্থ অনুযায়ী কর্মসূচি গ্রহণ করবেন।

তবে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ আজ রাজধানীতে এক অনুষ্ঠানে বলেছেন, দলীয় জোট থেকে জামায়াতকে বাদ দিলে জাতীয় ঐক্য সম্ভব হতে পারে ।

ওদিকে, সরকারের সড়ক যোগাযোগ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের আজ সকালে নোয়াখালীর কোম্পানীগঞ্জে এক অনুষ্ঠানে বলেছেন, আমরা চাই জাতীয় ঐক্য, জনগণের ঐক্য। কিন্তু বিএনপি আজ যে ঐক্য চায় তার প্রধান লক্ষ্য হচ্ছে সরকার হটানো। এ মুহূর্তে যে ঐক্য দরকার তাহলো সাম্প্রদায়িক উগ্রবাদ হটানোর ঐক্য। আজকে যারা ঐক্যের নামে সরকার হটানো প্রধান টার্গেট মনে করছেন সেটা এ মুহূর্তে সম্ভব নয়।

বিএনপিকে উদ্দেশ করে মন্ত্রী বলেন, পরবর্তী নির্বাচনের মাধ্যমে সরকার পরিবর্তনে আপনারাও প্রস্তুত হউন। নির্বাচনের মাধ্যমে সরকার পরিবর্তন হতে পারে। অন্য কোনো উপায়ে সরকার পরিবর্তন হওয়ার কোনো সুযোগ নেই।#

পার্সটুডে/আব্দুর রহমান খান/গাজী আবদুর রশীদ/১৬