জাতীয় ঐক্য নিয়ে শেখ হাসিনার বক্তব্য: বিএনপিসহ বিভিন্ন মহলের প্রতিক্রিয়া
https://parstoday.ir/bn/news/bangladesh-i14938-জাতীয়_ঐক্য_নিয়ে_শেখ_হাসিনার_বক্তব্য_বিএনপিসহ_বিভিন্ন_মহলের_প্রতিক্রিয়া
জাতীয় ঐক্য নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য জাতিকে হতাশ করেছে বলে দাবি করেছে বিএনপি। দলটি আবারও দলমত-নির্বিশেষে জাতীয় ঐক্য সৃষ্টির আহ্বান জানিয়েছে।
(last modified 2026-06-24T09:59:37+00:00 )
জুলাই ১৮, ২০১৬ ১৬:০৩ Asia/Dhaka

জাতীয় ঐক্য নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য জাতিকে হতাশ করেছে বলে দাবি করেছে বিএনপি। দলটি আবারও দলমত-নির্বিশেষে জাতীয় ঐক্য সৃষ্টির আহ্বান জানিয়েছে।

আজ (সোমবার) দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান এ আহ্বান জানান। সংবাদ সম্মেলনে গতকাল রোববার প্রধানমন্ত্রীর দেয়া বক্তব্যের প্রতিক্রিয়া জানানো হয়।

নজরুল ইসলাম খান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘জাতীয় ঐক্য ইতিমধ্যে সৃষ্টি হয়ে গেছে’ এবং ‘যাদের সাথে ঐক্য প্রয়োজন, তাদের সাথে ইতিমধ্যে ঐক্য হয়ে গেছে’ বলে যে বক্তব্য দিয়েছেন, তা জাতিকে হতাশ করেছে।

প্রধানমন্ত্রীর বক্তব্যের সমালোচনা করে নজরুল ইসলাম বলেন, ‘দেশের বিপুল জনগোষ্ঠীর সমর্থনধন্য বিএনপিকে বাদ দিয়ে কীভাবে জাতীয় ঐক্য সম্ভব? কী করে সম্ভব অন্যান্য দেশপ্রেমিক দলকে বাইরে রেখে জাতীয় ঐক্য গড়া? প্রধানমন্ত্রী যে ঐক্যের কথা বলেছেন, তা সরকারে আসীন দলগুলোর, এমনকি মহাজোটেরও ঐক্য নয়।“

এ প্রসঙ্গে সুশীল সমাজের প্রতিনিধি সুজন সম্পাদক ড. বদিউল আলম মজুমদার রেডিও তেহরানকে বলেন, জঙ্গিবাদের সমস্যা কোনো বিশেষ দলের বা সরকারের সমস্যা নয়। এটা গোটা দেশের জন্য সমস্যা। তাই দেশের সকল রাজনৈতিক দল ও সচেতন নাগরিক সমাজকে নিয়ে জাতীয়ভাবে এ সমস্যা মোকাবেলায় এগিয়ে আসতে হবে।

এদিকে, ২০ দলীয় জোটের অন্যতম শরিক বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ) দাবি করেছে, জঙ্গিবাদ দমনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ‘জাতীয় ঐক্যে’র আহ্বানকে নাকচ করে দিয়ে প্রধানমন্ত্রী জাতির প্রত্যাশা ও আকাঙ্ক্ষাকে উপেক্ষা করেছেন।

গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দলটির চেয়ারম্যান জেবেল রহমান গাণি ও মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুঁইয়া বলেছেন, লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত বাংলাদেশ যখন অস্তিত্বের গভীর সংকটে নিপতিত, দেশবাসী যখন আতঙ্কিত তখন প্রধানমন্ত্রীর নেতিবাচক বক্তব্য কার পক্ষে, জাতির মনে আজ সেই প্রশ্ন দেখা দিয়েছে।

নেতৃদ্বয় আরও বলেন, সঙ্কটপূর্ণ রাজনৈতিক পরিস্থিতিতে দোষারোপের রাজনীতির অপসংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে। দোষারোপের রাজনীতি দিয়ে জঙ্গিবাদ দমন করা যাবে না। কেবল আইনশৃঙ্খলা বাহিনী কিংবা সেনাবাহিনী দিয়েও জঙ্গিবাদ দমন সম্ভব নয়।

যাদের সাথে ঐক্য হলে জঙ্গিবাদ-সন্ত্রাসবাদ বন্ধ হবে তাদের সাথে ঐক্য হয়েছে, শেখ হাসিনার এই বক্তব্যের সমালোচনা করে ন্যাপ নেতারা বলেছেন, দেশবাসী জানতে চায় প্রধানমন্ত্রী কাদের সাথে ঐক্য করেছেন, কারা তারা?

এ অবস্থায় ‘একগুঁয়েমি নীতি’ পরিহার করে জঙ্গিবাদ ও উগ্রবাদ রুখতে অবিলম্বে দেশের নিবন্ধিত সব রাজনৈতিক দলের সমন্বয়ে জাতীয় সংলাপের আয়োজন করতে প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানিয়েছে ন্যাশনাল আওয়ামী পার্টির নেতারা (ন্যাপ)#

পার্সটুডে/আবদুর রহমান খান/আশরাফুর রহমান/১৮