তারেকসহ দেশবিরোধীদের রায় কার্যকর করে অশুভ শক্তিকে ধ্বংস করা হবে
https://parstoday.ir/bn/news/bangladesh-i15301-তারেকসহ_দেশবিরোধীদের_রায়_কার্যকর_করে_অশুভ_শক্তিকে_ধ্বংস_করা_হবে
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের মামলায় রায়সহ দেশবিরোধীদের রায় কার্যকরের মধ্য দিয়ে অশুভ শক্তিকে ধ্বংস করা হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগ নেতারা। আজ (শুক্রবার) সকালে রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে মহানগর সার্বজনীন পূজা কমিটির দ্বি-বার্ষিক সম্মেলনে তারা এ কথা বলেন। এ সময়, বিএনপির সঙ্গে নয়, জনগণের সঙ্গে ঐক্য হয়েছে বলে মন্তব্য করেন নেতারা।
(last modified 2026-06-24T09:59:37+00:00 )
জুলাই ২২, ২০১৬ ১২:৪০ Asia/Dhaka
  • মাহবুবুল আলম হানিফ ও অ্যাড. কামরুল ইসলাম
    মাহবুবুল আলম হানিফ ও অ্যাড. কামরুল ইসলাম

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের মামলায় রায়সহ দেশবিরোধীদের রায় কার্যকরের মধ্য দিয়ে অশুভ শক্তিকে ধ্বংস করা হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগ নেতারা। আজ (শুক্রবার) সকালে রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে মহানগর সার্বজনীন পূজা কমিটির দ্বি-বার্ষিক সম্মেলনে তারা এ কথা বলেন। এ সময়, বিএনপির সঙ্গে নয়, জনগণের সঙ্গে ঐক্য হয়েছে বলে মন্তব্য করেন নেতারা।

অনুষ্ঠানে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেন, বাংলাদেশে যত গুপ্তহত্যা হচ্ছে এর সঙ্গে বিএনপি জামায়াত জড়িত। আন্তর্জাতিক জঙ্গি সংগঠনের সঙ্গে বাংলাদেশের কোনো সম্পর্ক নেই। এগুলো বিএনপি-জামায়াত করছে, এদের লক্ষ্য সরকারকে উৎখাত করে বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে ধ্বংসের দিকে ঠেলে দেয়।

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম বলেন, প্রতিবেশী দেশ যদি পাশে থাকে তাহলে ঐক্যবদ্ধভাবে আমরা জঙ্গিবাদসহ যে কোন সমস্যা মোকাবেলা করতে পারবো।

এদিকে, মসজিদে ইমামদের বক্তব্য নিয়ন্ত্রণ নয়, পর্যবেক্ষণ করা হচ্ছে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম। আজ (শুক্রবার) সকালে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

খাদ্যমন্ত্রী বলেন, সরকার ইমামদের বক্তব্য নিয়ন্ত্রণ করতে চায় না। একটা শৃঙ্খলার মধ্যে আনতে চায়। ইমামরা শুক্রবার মসজিদে কি বলে সরকারের সেটা জানার অধিকার আছে। অনেক মসজিদের ইমাম এটা প্রত্যাখ্যান করছেন সেটা জানি। সবকিছুই পর্যবেক্ষণ করা হচ্ছে, নিয়ন্ত্রণ করা হচ্ছে না। যারা জঙ্গিবাদকে উসকানি দেয়ার জন্য মসজিদে মসজিদে বক্তব্য রাখছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

অনুষ্ঠানে আওয়ামী লীগের প্রচার সম্পাদক হাছান মাহমুদ বলেন, ৩ লাখ মসজিদে ইমামরা যদি ইসলামের সঠিক ব্যাখ্যা দেয় তার জন্য অনুরোধ জানানো হয়েছে। আমরা আশা করি, এই অনুরোধ আপনারা দেশ, সরকার এবং ইসলামের স্বার্থে রক্ষা করবেন।#

পার্সটুডে/শামস মন্ডল/গাজী আবদুর রশীদ/২২