সরকার গণতন্ত্রের পথে না এলে জাতিকে চরম পরিণতি বরণ করতে হবে: গয়েশ্বর
https://parstoday.ir/bn/news/bangladesh-i15835-সরকার_গণতন্ত্রের_পথে_না_এলে_জাতিকে_চরম_পরিণতি_বরণ_করতে_হবে_গয়েশ্বর
জঙ্গিবাদ রুখতে গণতন্ত্রের পথ প্রশস্ত করার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুলাই ২৮, ২০১৬ ১৫:২১ Asia/Dhaka
  • গয়েশ্বর চন্দ্র রায়
    গয়েশ্বর চন্দ্র রায়

জঙ্গিবাদ রুখতে গণতন্ত্রের পথ প্রশস্ত করার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

তিনি বলেন, “গণতন্ত্র যেখানে থাকে না, গণতন্ত্রের অনুপস্থিতিতে গণতন্ত্রের বাইরের শক্তি নানাভাবে সংগঠিত হয়। আজকে যে জঙ্গিবাদের উত্থান ঘটেছে বা ঘটছে, এটা রাষ্ট্রের জন্য, স্বাধীনতার বিরুদ্ধে, গোটা সমাজের বিরুদ্ধে তা হুমকি। সরকারকে বলব, জঙ্গি দমনের ক্ষেত্রে সবাইকে কাজ করতে দিন, রাস্তায় নামতে দিন। গণতন্ত্রের পথ প্রশস্ত করুন।”

আজ (বৃহস্পতিবার) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক প্রতিবাদ সভায় গয়েশ্বর এসব কথা বলেন। বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে সাজা দেয়ার প্রতিবাদে এই সভা আয়োজন করে জাতীয়তাবাদী কৃষক দল

‘দেশ নিয়ে মরণ খেলা চলছে’ উল্লেখ করে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, “সময় থাকতে সরকার গণতন্ত্রের পথে ফিরে না এলে জাতিকে চরম পরিণতি বরণ করতে হবে। গণতন্ত্রের পথে শক্রকে ঘায়েল করা যায়, মোকাবিলা করা যায়। তাই নোংরা মরণ খেলা বাদ দিয়ে গণতন্ত্রের পথে আসুন দেশটাকে বাঁচতে দেন, নিজেও বাঁচেন। আমাদেরকেও বাঁচতে দেন।”

সরকারকে উদ্দেশ্য করে তিনি বলেন, “যাই কিছু করেন সেটা স্বচ্ছ, সত্য জনগণ বিশ্বাস করে সেভাবেই করেন। কারণ ভবিষ্যতে যখন ক্ষমতায় থাকবেন না। তখন না আবার কোনো ৩০২ ধারার মামলার আসামি হতে হয়। এই বিষয়টি বিবেচনা করে কাজ করেন।”

গয়েশ্বর আরো বলেন, ক্ষমতাসীনরা জনগণের ভোটে নির্বাচিত না হওয়ায় তারা সবসময় আতংকের মধ্যে থাকে। কিন্তু তারপরও তারা ক্ষমতায় থাকতে চায়। সেই জন্য ৫ জানুয়ারি নির্বাচনের মতো আরেকটি নির্বাচন করতে চায়। আর এ লক্ষ্যে যত বাধা আছে, তা একের পর এক সরিয়ে ফেলতে চায়। সুতরাং কত নেতার যে সাজা হবে এই মুহূর্তে তা বলা যাবে না। বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া, সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ শীর্ষনেতাদের সাজা দিয়ে সরকার ও সরকারের কর্তা ব্যক্তিদের শেষ রক্ষা হবে না বলে মন্তব্য করেন তিনি।#

পার্সটুডে/শামস মণ্ডল/আশরাফুর রহমান/২৮