উন্নয়ন কর্মসূচি ব্যাহত করতেই অরাজকতা সৃষ্টি করা হচ্ছে: প্রধানমন্ত্রী
https://parstoday.ir/bn/news/bangladesh-i159602-উন্নয়ন_কর্মসূচি_ব্যাহত_করতেই_অরাজকতা_সৃষ্টি_করা_হচ্ছে_প্রধানমন্ত্রী
পার্সটুডে- জনগণ বিএনপিকে ভোট দিয়ে সরকার গঠন করতে দিয়েছে বলেই একটি গোষ্ঠী এখন অস্থির হয়ে উঠেছে এবং সরকারের উন্নয়ন কর্মকাণ্ড ব্যাহত করতে ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
(last modified 2026-05-23T11:15:35+00:00 )
মে ২৩, ২০২৬ ১৭:১০ Asia/Dhaka
  • প্রধানমন্ত্রী তারেক রহমান
    প্রধানমন্ত্রী তারেক রহমান

পার্সটুডে- জনগণ বিএনপিকে ভোট দিয়ে সরকার গঠন করতে দিয়েছে বলেই একটি গোষ্ঠী এখন অস্থির হয়ে উঠেছে এবং সরকারের উন্নয়ন কর্মকাণ্ড ব্যাহত করতে ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম-এর ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষে শনিবার দুপুর আড়াইটায় ময়মনসিংহের ত্রিশালে ঐতিহাসিক ধরার খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধনকালে প্রধানমন্ত্রী তারেক রহমান একথা বলেন।

অন্তর্বর্তীকালীন সরকারের সময় ঘটে যাওয়া কয়েকটি ঘটনার প্রসঙ্গ তুলে তারেক রহমান বলেন, তখন বিএনপির আইনজীবী ও চিকিৎসকরা ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়েছিল। কিন্তু আজ যারা আন্দোলন ও অবরোধ করছে, তখন তাদের মাঠে দেখা যায়নি। তিনি অভিযোগ করে আরও বলেন, “যারা দেশে বিভ্রান্তি সৃষ্টি করছে তারা কৃষকের কথা বলে না, খাল খননের কথা বলে না, গ্রামের শিশুর শিক্ষা কিংবা কৃষক কার্ডের কথা বলে না। তারা শুধু অরাজকতা সৃষ্টি করতে চায়।”

তারেক রহমান তার বক্তব্যে সরকারের বিভিন্ন সামাজিক নিরাপত্তা ও জনকল্যাণমূলক কর্মসূচির কথাও তুলে ধরেন। তিনি বলেন, নারীদের স্বাবলম্বী করতে পরিবারভিত্তিক “ফ্যামিলি কার্ড” কার্যক্রম শুরু হয়েছে এবং সরাসরি মায়েদের হাতে এই কার্ড পৌঁছে দেওয়া হবে। একইসঙ্গে দেশের কৃষকদের জন্য “কৃষক কার্ড” চালুর কার্যক্রমও শুরু হয়েছে।

প্রধানমন্ত্রী আরও বলেন, দেশের মসজিদের ইমাম-খতিব, মাদ্রাসার শিক্ষক এবং অন্যান্য ধর্মের ধর্মীয় গুরুদের জন্যও সম্মানীর ব্যবস্থা করা হয়েছে। তিনি বলেন, ধর্মীয় ব্যক্তিরা সমাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এবং তাদের সম্মান ও মর্যাদা নিশ্চিত করা সরকারের দায়িত্ব।

দেশের তরুণ সমাজের কর্মসংস্থানের বিষয়েও প্রধানমন্ত্রী বলেন, দেশে অসংখ্য শিক্ষিত তরুণ-তরুণী থাকলেও অনেকের কর্মসংস্থান নেই। এজন্য সরকার কারিগরি ও ভোকেশনাল শিক্ষাকে শক্তিশালী করার উদ্যোগ নিয়েছে। নতুন নতুন টেকনিক্যাল প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়ন কর্মসূচির মাধ্যমে তরুণদের দেশ-বিদেশে কর্মসংস্থানের সুযোগ তৈরি করা হবে বলেও তিনি জানান।#

পার্সটুডে/এমআরএইচ/২৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।