জনগণকে সঙ্গে নিয়ে বিএনপি জাতীয় ঐক্য গড়ে তুলবে: হান্নান শাহ
-
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আসম হান্নান শাহ (ফাইল ফটো)
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপির স্থায়ী কমিটির সদস্য আসম হান্নান শাহ বলেছেন, জনগণকে সঙ্গে নিয়ে জাতীয় ঐক্য গড়বে তার দল। এ বিষয়ে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলাপ আলোচনা করা করা হবে। তখন সরকারকেও আহ্বান জানাবে বিএনপি। তাতে সাড়া না দিলে আমরা ভাববো, আপনারাও সন্ত্রাসের সঙ্গে জড়িত।
আজ (শনিবার) সকালে জাতীয় প্রেসক্লাবে জিয়া পরিষদ আয়োজিত জঙ্গি ও সন্ত্রাস প্রতিরোধে জাতীয় ঐক্য অপরিহার্য শীর্ষক আালোচনা সভায় এসব কথা বলেন তিনি।
জাতীয় ঐক্য নিয়ে সরকার দলীয় নেতাদের বক্তব্যের প্রতিক্রিয়ায় হান্নান শাহ বলেন, তারা বলছে, সন্ত্রাসবিরোধী ঐক্য হয়েছে। কিন্তু প্রকৃতপক্ষে জনগণের সঙ্গে তাদের ঐক্য হয়নি। তাদের ঐক্য হয়েছে এক সময়কার গণবাহিনীর ইনুর সঙ্গে।
জাতীয় ঐক্য নিয়ে সরকার জামায়াতকে রাজনৈতিক কার্ড বানিয়ে খেলছে, এমন মন্তব্য করে, তিনি বলেন, জামায়াত কাদের প্রিয়, কাদের অপ্রিয় জনগণ তা বোঝে। সরকার বলেছিল, জুনেই জামায়াত নিষিদ্ধ হবে। কিন্তু নিষিদ্ধ করা হলো না। মূলত জামায়াতকে নিয়ে সরকার রাজনৈতিক খেলা খেলছে।
সরকারের সমালোচনা করে হান্নান শাহ বলেন, সরকার সন্ত্রাসীদদের তথ্য না নিয়ে বিএনপি নেতাদের তথ্য নিতে বেশি ব্যস্ত হয়ে পড়েছে। এই সরকার সন্ত্রাসীদের প্রত্যক্ষ মদদদাতা। এটি একটি অপদার্থ সরকার।
বিএনপির নেতাকর্মীদের ওপর নির্যাতনের অভিযোগ তুলে তিনি বলেন, বিএনপি-জামায়াতকে মেরে সন্ত্রাস দমন হবে না। এর বিরুদ্ধে জাতীয় প্রতিরোধ গড়ে তোলা প্রয়োজন।
এ সময়, অর্থপাচার মামলায় তারেক রহমানকে কারাদাণ্ড দেয়ায় ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, সরকার বলছে, নিম্ন আদালতের রায়ে তারেক রহমান প্রভাব বিস্তার করে খালাস পেয়েছিলেন। তারেক রহমান কিভাবে প্রভাব বিস্তার করতে পারেন? প্রভাব বিস্তার করতে পারে সরকার, বিরোধী দল নয়, এমন মন্তব্যও করেন হান্নান শাহ।#
পার্সটুডে/শামস মন্ডল/গাজী আবদুর রশীদ/৩০