বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা লাখ ছাড়িয়েছে: মির্জা ফখরুল
https://parstoday.ir/bn/news/bangladesh-i16399-বিএনপি_নেতা_কর্মীদের_বিরুদ্ধে_মিথ্যা_মামলা_লাখ_ছাড়িয়েছে_মির্জা_ফখরুল
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলার সংখ্যা লাখ ছাড়িয়ে গেছে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, সরকার মিথ্যা মামলাকে অস্ত্র হিসেবে ব্যবহার করে বিরোধী দলকে অকার্যকর করার চেষ্টা করছে। দলের শীর্ষ নেতাদের কারও বিরুদ্ধে মনে হয় ২৫ টির কম মামলা নেই।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
আগস্ট ০৪, ২০১৬ ১২:৩০ Asia/Dhaka
  • মির্জা ফখরুল ইসলাম আলমগীর
    মির্জা ফখরুল ইসলাম আলমগীর

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলার সংখ্যা লাখ ছাড়িয়ে গেছে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, সরকার মিথ্যা মামলাকে অস্ত্র হিসেবে ব্যবহার করে বিরোধী দলকে অকার্যকর করার চেষ্টা করছে। দলের শীর্ষ নেতাদের কারও বিরুদ্ধে মনে হয় ২৫ টির কম মামলা নেই।

আজ (বৃহস্পতিবার) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল এসব কথা বলেন।

তিনি আরো বলেন, সরকার গণতন্ত্র ধ্বংসের লক্ষ্য স্থির করেছে। তারা বিরোধীদলকে পুরোপুরি নিস্তব্ধ করে দিতে চায়। এজন্য তারা মামলাকে বড় অস্ত্র হিসেবে বেছে নিয়েছে। এর প্রধান কারণ সরকার জনবিচ্ছিন্ন হয়ে গেছে। জনগণের প্রতি তাদের কোনো আস্থা নেই।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, সবগুলো ‍মামলায় জামিনে থাকা সত্ত্বেও যে মামলায় রিজভীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে, এর এফআইআর-এ তার নাম ছিলো না।  এমনকি মামলার এজহারে যখন তার নাম অন্তর্ভুক্ত করা হয় তখনও বিষয়টি তার আইনজীবীকে জানানো হয়নি। আমরা মনে করি কেবল হয়রানির উদ্দেশ্যে এ মামলায় তার নাম জড়ানো হয়েছে। তাকে হয়রানি না করে নিরাপদে কোর্টে আত্মসমর্পনের সুযোগ দেয়ার আহ্বানও জানান মহাসচিব।

এদিকে, রাজধানীর রমনা থানায় দায়ের করা পুলিশ হত্যা মামলায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুলসহ ৪৬ নেতাকর্মীকে অব্যাহতি দিয়েছেন আদালত। আজ (বৃহস্পতিবার) সকালে ঢাকার মুখ্য মহানগর হাকিম এ আদেশ দেন। এর আগে সকাল সাড়ে নয়টার দিকে আদালতে আসেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মামলা থেকে অব্যাহতি পাওয়া অন্যদের মধ্যে আরও আছেন, বিএনপি নেতা মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আমান উল্লাহ আমান, বরকত উল্লাহ বুলু, সালাউদ্দিন আহমেদ, আবদুস সালাম, জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল শফিকুর রহমান, শফিকুল ইসলাম মাসুদ।

এছাড়াও ২০১৩ সালে বিএনপি জোটের লাগাতার হরতাল অবরোধে সহিংসতার ঘটনায় দায়ে অন্য ৩ মামলায় মির্জা ফখরুলসহ অন্য আসামীদের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি পিছিয়ে ৯ নভেম্বর পুননির্ধারণ করেন আদালত। সকালে আইনজীবীরা সময়ের আবেদন করলে অতিরিক্ত সিএমএম আলমগীর কবির রাজ আবেদন মঞ্জুর করে শুনানির নতুন তারিখ নির্ধারণ করেন।#

পার্সটুডে/শামস মন্ডল/গাজী আবদুর রশীদ/৪