বিএনপির স্থায়ী কমিটিতে আমীর খসরু ও সালাহ উদ্দিন, খালেদার উপদেষ্টা লুনা
https://parstoday.ir/bn/news/bangladesh-i16540-বিএনপির_স্থায়ী_কমিটিতে_আমীর_খসরু_ও_সালাহ_উদ্দিন_খালেদার_উপদেষ্টা_লুনা
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া দলের সর্বোচ্চ নীতি-নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটিতে পুরোনো ১৪ জনের সঙ্গে আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সালাহ উদ্দিন আহমেদকে অন্তর্ভুক্ত করেছেন।  
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
আগস্ট ০৬, ২০১৬ ১৩:১২ Asia/Dhaka
  • আমীর খসরু মাহমুদ চৌধুরী-সালাহ উদ্দিন আহমেদ-তাহসিনা রুশদীর লুনা
    আমীর খসরু মাহমুদ চৌধুরী-সালাহ উদ্দিন আহমেদ-তাহসিনা রুশদীর লুনা

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া দলের সর্বোচ্চ নীতি-নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটিতে পুরোনো ১৪ জনের সঙ্গে আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সালাহ উদ্দিন আহমেদকে অন্তর্ভুক্ত করেছেন।  

সাবেক বাণিজ্যমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী এতদিন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদে ছিলেন। তিনি চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতির দায়িত্বে ছিলেন।

কক্সবাজারের সাবেক এমপি ও প্রতিমন্ত্রী সালাহ উদ্দীন বর্তমানে ভারতের কারাগারে রয়েছেন। সালাহ উদ্দিন আগের কমিটিতে ছিলেন যুগ্ম মহাসচিব। গত বছর নাটকীয় অপহরণের পর এখন ভারতে অবৈধ অনুপ্রবেশের দায়ে সে দেশের আদালতে তার বিচার চলছে।

দলীয় চেয়ারপারসন খালেদা জিয়ার পক্ষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শনিবার নয়া পল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে নতুন স্থায়ী কমিটির সদস্যদের নাম প্রকাশ করেন।

গত ১৯ মার্চ ঢাকায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন প্রাঙ্গণে দলের ষষ্ঠ জাতীয় কাউন্সিল অনুষ্ঠানের সাড়ে চার মাস পর আজ (শনিবার) স্থায়ী কমিটির সঙ্গে চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদ এবং জাতীয় নির্বাহী কমিটির সদস্যদের নামও ঘোষণা করা হয়।

স্থায়ী কমিটিতে আগের ১৪ জন রয়েছেন। অসুস্থতার কারণে নিষ্ক্রিয় এম শামসুল ইসলাম ও সারোয়ারি রহমানকে স্থায়ী কমিটি থেকে বাদ দেয়া হয়েছে।

ঘোষিত কমিটিতে ক্রমানুসারে অন্যরা হলেন- খন্দকার মোশাররফ হোসেন, মওদুদ আহমদ, জমিরউদ্দিন সরকার, তরিকুল ইসলাম, মাহবুবুর রহমান, আ স ম হান্নান শাহ, এম কে আনোয়ার, রফিকুল ইসলাম মিয়া, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মইন খান, নজরুল ইসলাম খান, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাউদ্দিন আহমেদ।

ক্রমানুসারে সালাহ উদ্দিন স্থায়ী কমিটির সর্বকনিষ্ঠ সদস্য, তার আগের ১৭ ও ১৮ নম্বর সদস্যের নাম ঘোষণা করা হয়নি।

২০০৯ সালের পঞ্চম জাতীয় কাউন্সিলে গঠনতন্ত্র সংশোধন ১৩ সদস্যের স্থায়ী কমিটির সদস্য সংখ্যা ১৯ এ উন্নীত করা হয়।

শনিবারের সংবাদ সম্মেলনে চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের ৭৩ জন এবং ৫০২ সদস্যের পূর্ণাঙ্গ জাতীয় নির্বাহী কমিটির ৪৯৮  জনের নাম জানান ফখরুল। জাতীয় নির্বাহী কমিটিতে নতুন মুখ ১১৩ জন।

 ইলিয়াস আলীর স্ত্রী খালেদার উপদেষ্টা পরিষদে

এদিকে, দলের নিখোঁজ নেতা এম ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদীর লুনাকে নিজের নতুন উপদেষ্টা পরিষদে নিয়েছেন বিএনপি চেয়ারপাসন খালেদা জিয়া।

নতুন কমিটি ঘোষণা করে ফখরুল বলেন, “অত‌্যন্ত ভাইব্রেন্ট একটি কমিটি হয়েছে।”

কাউন্সিলের ১০ দিন পর মহাসচিব মির্জা ফখরুল, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ও কোষাধ্যক্ষ মিজানুর রহমান সিনহার নাম ঘোষণা করা হয়। এরপর তিন দফায় যুগ্ম মহাসচিব, সাংগঠনিক সম্পাদক ও সহ-সাংগঠনিক সম্পাদক নিয়ে কমিটির ৪২ জনের নাম ঘোষণা করা হয়।

এদিকে, চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী দলের সর্বোচ্চ নীতি-নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটিতে স্থান পাওয়ায় মহানগরে নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।

কমিটিতে সভাপতির দায়িত্ব পেয়েছেন বর্তমান সাধারণ সম্পাদক ও বিএনপির নতুন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শাহাদাত হোসেন।

শনিবার দুপুরে রাজধানীর নয়া পল্টনে এক সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই কমিটি ঘোষণা করেন।

নতুন কমিটিতে আবু সুফিয়ানকে সহ-সভাপতি এবং আবুল হাশেম বকরকে সাধারণ সম্পাদক করা হয়েছে।#

পার্সটুডে/আবদুর রহমান খান/আশরাফুর রহমান/৬