মানুষের সেবার মতো শান্তি দুনিয়ায় আর কিছুতে নেই: শেখ হাসিনা
https://parstoday.ir/bn/news/bangladesh-i16882-মানুষের_সেবার_মতো_শান্তি_দুনিয়ায়_আর_কিছুতে_নেই_শেখ_হাসিনা
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জনগণের সেবক হিসেবে কাজ করার নির্দেশ দিয়ে  প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘মানুষের সেবার মতো শান্তি দুনিয়ায় আর কিছুতে নেই। কোনো দিন গরিব-দুঃখীর ওপর অত্যাচার করবেন না।’
(last modified 2026-06-27T09:59:16+00:00 )
আগস্ট ১০, ২০১৬ ১৩:০৪ Asia/Dhaka
  • মানুষের সেবার মতো শান্তি দুনিয়ায় আর কিছুতে নেই: শেখ হাসিনা

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জনগণের সেবক হিসেবে কাজ করার নির্দেশ দিয়ে  প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘মানুষের সেবার মতো শান্তি দুনিয়ায় আর কিছুতে নেই। কোনো দিন গরিব-দুঃখীর ওপর অত্যাচার করবেন না।’

আজ (বুধবার) সকালে সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির উদ্বোধনকালে প্রধান অতিথির ভাষণে এ কথা বলেন। সরকারি কর্মচারিদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা জনগণের সেবক, জনগণের সেবা করব। জনগণের রক্ত ঘামঝরা অর্থ দিয়েইতো আমাদের বেতন-ভাতা, আমাদের সবকিছু। এই কথাটা এক মুহূর্তের জন্যও যেন আমরা ভুলে না যাই।’

প্রধানমন্ত্রী স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি সম্পর্কে বলেন, ‘এ উদ্যোগের মতো মহৎ আর কিছু হতে পারে না। জাতির পিতা আমাদেরকে রক্তঋণে আবদ্ধ করে গেছেন, লাখো শহীদ আমাদের রক্তঋণে আবদ্ধ করেছেন। তাদের রক্তের ঋণ আমাদেরকে শোধ করতে হবে। আপনারাও রক্ত দিয়ে মানুষের জীবন বাঁচান, মানুষের পাশে দাঁড়ান।’

প্রধানমন্ত্রী নিজেও ৫৬-৫৭ বছর বয়স পর্যন্ত নিয়মিত রক্ত দিতেন উল্লেখ করে বলেন, ‘রক্ত দিলে কোনো ক্ষতি হয় না। রক্ত দিলে একজন মুমূর্ষ রোগীর জীবন বাঁচবে। বয়স বেড়ে যাওয়ায় এখন আমি রক্ত দিতে পারি না। ক্ষমতা থাকলে এখনো আমি রক্ত দিতাম।‘ 

যুদ্ধাপরাধের বিচার প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, স্বাধীনতার পর বঙ্গবন্ধু যুদ্ধাপরাধীদের বিচার শুরু করেছিলেন। যুদ্ধজয়ের পর মাত্র তিন মাসের মধ্যে ভারতের সৈন্য ফেরত পাঠানো হয়েছে। এ সময় তিনি বিশ্বের বেশ কয়েকটি দেশে সম্মিলিত যুদ্ধজয়ের পর মিত্রবাহিনী দেশে থেকে যাওয়ার নজীর উল্লেখ করেন।

অনুষ্ঠানে বক্তৃতা করেন জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম এবং স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কামাল আব্দুল নাসের চৌধুরী অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন।

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমত আরা সাদেক, স্বাস্থ্য ও পরিবারকল্যাণ প্রতিমন্ত্রী জাহিদ মালেক এবং মন্ত্রিপরিষদ সচিব মো. শফিউল আলম মঞ্চে উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রীর উপদেষ্টা, মন্ত্রিপরিষদ সদস্যবৃন্দ, সংসদ সদস্যবৃন্দসহ সরকারের বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও দপ্তরের উর্ধ্বতন কর্মকর্তাসহ সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারিবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।#

পার্সটুৃডে/এআর/১০