সংকট উত্তরণে জাতীয় ঐক্যের বিকল্প নেই: মির্জা ফখরুল
-
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর
বাংলাদেশে চলমান সংকট উত্তরণে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ডাকা জাতীয় ঐক্যের কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, বিএনপি চেয়ারপারসন জাতীয় ঐক্যের যে ডাক দিয়েছেন, তা অন্তর থেকে দিয়েছেন। জাতির কাছে দায়বদ্ধতা থেকে দিয়েছেন। কিন্ত দুর্ভাগ্যের বিষয় হলো, আওয়ামী লীগ কোনোদিন জাতিকে রক্ষার ডাকে সাড়া দেয় না। বরং উপেক্ষা করে জাতিকে দ্বিধাবিভক্ত করার চেষ্টা করে।
আজ (শুক্রবার) ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি (এনডিপি) আয়োজিত স্মরণ সভায় তিনি এসব কথা বলেন। এনডিপির প্রতিষ্ঠাতা আনোয়ার জাহিদের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে এ সভা আয়োজন করা হয়।
জাতীয় ঐক্যের ডাক নিয়ে বিভ্রান্ত হওয়ার কোনো সুযোগ নেই মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, তিনি বিএনপি চেয়ারপারসন হিসেবে ঐক্যের ডাক দিয়েছেন। নেতৃত্ব দেয়ার ইচ্ছাও তার নেই। তিনি সবাইকে নিয়ে বসতে চান। কথা বলতে চান। সংকট উত্তরণে সবাইকে নিয়ে কাজ করতে চান।
তিনি আরো বলেন, জঙ্গিবাদের বিষয়টিকে তারা হাতিয়ার হিসেবে ব্যবহার করে সারাদেশে অত্যাচার, নিষ্ঠুর নির্যাতন চালাচ্ছে। সরকারের লক্ষ্য যেভাবেই হোক ক্ষমতায় টিকে থাকা। প্রথম দিকে জঙ্গিবাদ দমনের নামে ১৬ হাজার মানুষকে গ্রেফতার করা হলো। তারাই বলছে, এরমধ্যে ১৮৯ জন জঙ্গিবাদের সঙ্গে জড়িত। তাহলে বাকি ১৫ হাজার কারা? এ প্রশ্ন করেন মির্জা ফখরুল।
দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে বিএনপি মহাসচিব বলেন, দেশের আজকের সন্ত্রাস বা জঙ্গিবাদ, সব কিছুর মূলে গণতন্ত্রের অনুপস্থিতি। গণতন্ত্র নেই বলেই সন্ত্রাস ও জঙ্গিবাদ মাথাচাড়া দিয়ে উঠেছে। সুতরাং রাষ্ট্রই সবচেয়ে বড় সন্ত্রাস করছে। দেশ যেভাবে চলছে, তাতে আমরা অশনি সংকেত শুনতে পাচ্ছি। এমন পরিস্থিতিতে,গণতান্ত্রিক ধারায় ফিরে যাওয়ার উদ্যোগ নিতে সরকারের প্রতি আহ্বানও জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর।#
পার্সটুডে/শামস মন্ডল/গাজী আবদুর রশীদ/১২