দেশকে এগিয়ে নেয়াই সরকারের লক্ষ্য: শেখ হাসিনা
https://parstoday.ir/bn/news/bangladesh-i18415-দেশকে_এগিয়ে_নেয়াই_সরকারের_লক্ষ্য_শেখ_হাসিনা
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বেসরকারি খাতের উন্নয়ন ছাড়া দেশের আর্থ-সামাজিক উন্নয়ন সম্ভব নয়। এ জন্য সরকার বেসরকারি খাতের উন্নয়নে গুরুত্ব দিচ্ছে।
(last modified 2026-06-27T09:59:16+00:00 )
আগস্ট ২৮, ২০১৬ ১০:৪৯ Asia/Dhaka
  • দেশকে এগিয়ে নেয়াই সরকারের লক্ষ্য: শেখ হাসিনা

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বেসরকারি খাতের উন্নয়ন ছাড়া দেশের আর্থ-সামাজিক উন্নয়ন সম্ভব নয়। এ জন্য সরকার বেসরকারি খাতের উন্নয়নে গুরুত্ব দিচ্ছে।

আজ (রোববার) দুপুরে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় রপ্তানি ট্রফি প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, দীর্ঘমেয়াদী পরিকল্পনার মাধ্যমে দেশকে এগিয়ে নেয়াই তার সরকারের লক্ষ্য।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ ২০১১-১২ ও ২০১২-১৩ অর্থবছরে রফতানি বাণিজ্যের বিকাশে উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতিস্বরূপ ব্যক্তি, প্রতিষ্ঠান ও সংস্থা পর্যায়ে জাতীয় রফতানি ট্রফি প্রদান করেছেন।

রপ্তানি উন্নয়ন ব্যুরো ও বাণিজ্য মন্ত্রণালয় আয়োজিত এ অনুষ্ঠানে ২০১১-১২ এবং ২০১২-১৩ অর্থবছরের জন্য সর্বমোট ৫২টি স্বর্ণ, ৩৭টি রৌপ্য এবং ২৪টি ব্রোঞ্জ ট্রফি ও সনদ প্রদান করা হয়।

অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. তাজুল ইসলাম চৌধুরী, বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হেদায়েতুল্লাহ আল মামুন, এফবিসিসিআই সভাপতি আব্দুল মাতলুব আহমাদ এবং রফতানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) ভাইস চেয়ারম্যান মাফরুহা সুলতানা উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের লক্ষ্য দেশকে উন্নয়নের পথে এগিয়ে নেয়া। আর এ জন্যই দীর্ঘ মেয়াদি পরিকল্পনা গ্রহণ করি। আমি কারাগারে বসে সুনির্দিষ্ট কর্মসূচি তৈরি করি। যার ওপর ভিত্তি করে আমরা নির্বাচনের পর কাজ করি। আমরাই বেসরকারি খাতকে সবচেয়ে বেশি গুরুত্ব দেই।’

তিনি বলেন, ‘একটা সময় ছিল যখন হাওয়া ভবনে পাওনা বুঝিয়ে না দিলে ব্যবসায়ীরা ব্যবসা করতে পারতেন না। কিন্তু আমরা সরকার গঠন করার পর অনুকূল পরিবেশ তৈরি করি যাতে ব্যবসায়ীরা সহজে ব্যবসা-বাণিজ্য করতে পারেন। মোবাইল ফোন, ব্যাংক, বীমা, হাসপাতাল সব ক্ষেত্রেই বেসরকারি খাতকে সুযোগ সৃষ্টি করে দেই।’

শেখ হাসিনা বলেন, ‘২০০৯ সালে সরকার গঠনের সময় ছিল বিশ্ব অর্থনৈতিক মন্দা। তখন দেশে ব্যবসা বাণিজ্যের অবস্থা খুবই খারাপ ছিল, সবার মধ্যে এক ধরনের ভীতি কাজ করত।’

তিনি বলেন, ‘সরকার ব্যবসা করতে আসেনি। আমরা ব্যবসায়ীদের পরিবেশ সৃষ্টি করে দিয়েছি। আর এর মাধ্যমেই দেশের উন্নতি হচ্ছে। এখন মানুষের ক্রয় ক্ষমতা বেড়েছে। আমরা যেমন রপ্তানি করব, আবার দেশেও একটা বাজার সৃষ্টি করব। যাতে দেশের মানুষের আর্থ-সামাজিক অবস্থার উন্নতি হয়।’

ব্যবসায়ীদের উদ্দেশে তিনি বলেন, ‘নতুন নতুন বাজার খুঁজে বের করুন। কোন দেশের কোন চাহিদা আছে তা খুঁজে বের করতে হবে। আর এর জন্য যে সহযোগিতা প্রয়োজন সরকার তা করবে।’#

পার্সটুডে/আবদুর রহমান খান/আশরাফুর রহমান/২৮