মানবতাবিরোধী অপরাধী মীর কাসেম আলীর দাফন সম্পন্ন
বাংলাদেশের মানিকগঞ্জ জেলার হরিরামপুর উপজেলায় মানবতাবিরোধী অপরাধী মীর কাসেম আলীর দাফন সম্পন্ন হয়েছে। শনিবার রাত সাড়ে ৩টার দিকে জেলার চালা ইউনিয়নের চালা গ্রামে পারিবারিকভাবে কেনা জমিতে এ দাফন সম্পন্ন হয়।
শনিবার রাত পৌনে তিনটার দিকে মীর কাসেম আলীর মরদেহ সেখানে পৌঁছে। সাড়ে ৩টার দিকে জানাজার নামাজের পর লাশ দাফন করা হয়। এ সময় ওই এলাকা ঘিরে প্রায় তিন শতাধিক পুলিশের কড়া নিরাপত্তা ছিল। এর আগে শনিবার রাত ১০টা ৩৫ মিনিটে মানবতাবিরোধী এ অপরাধীর মৃতুদণ্ড কার্যকর করা হয়।
মানিকগঞ্জের পুলিশ সুপার মাহফুজুর রহমানসহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা দাফন অনুষ্ঠানের সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। দাফনের স্থান থেকে প্রায় চার কিলোমিটারের মধ্যে পুলিশ কাউকে ঢুকতে দেয়নি।
দাফনের সময় মীর কাসেম আলীর প্রায় ৪০ জন স্বজন উপস্থিত ছিলেন। জেলা পুলিশের বিশেষ শাখার উপপরিদর্শক (এসআই) আবদুস সালাম এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।#
পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/৪