কানাডার প্রধানমন্ত্রীর হাতে তাঁর বাবার ‘মুক্তিযুদ্ধ সম্মাননা’ তুলে দিলেন শেখ হাসিনা
https://parstoday.ir/bn/news/bangladesh-i20383-কানাডার_প্রধানমন্ত্রীর_হাতে_তাঁর_বাবার_মুক্তিযুদ্ধ_সম্মাননা’_তুলে_দিলেন_শেখ_হাসিনা
মুক্তিযুদ্ধে বাংলাদেশকে প্রত্যক্ষ সমর্থন জানানোয় কানাডার বর্তমান প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর হাতে তাঁর বাবা পিয়েরে ইলিয়ট ট্রুডোর মরণোত্তর ‘বাংলাদেশ মুক্তিযুদ্ধ সম্মাননা’ তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
(last modified 2026-06-27T09:59:16+00:00 )
সেপ্টেম্বর ১৭, ২০১৬ ০৭:১৫ Asia/Dhaka
  • কানাডার প্রধানমন্ত্রীর হাতে তাঁর বাবার ‘মুক্তিযুদ্ধ সম্মাননা’ তুলে দিলেন শেখ হাসিনা

মুক্তিযুদ্ধে বাংলাদেশকে প্রত্যক্ষ সমর্থন জানানোয় কানাডার বর্তমান প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর হাতে তাঁর বাবা পিয়েরে ইলিয়ট ট্রুডোর মরণোত্তর ‘বাংলাদেশ মুক্তিযুদ্ধ সম্মাননা’ তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শুক্রবার মন্ট্রিয়লে হায়াত রিজেন্সি হোটেলে কানাডার প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকের পর এ পুরস্কার তুলে দেন শেখ হাসিনা। এ সময় মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী এ কে এম মোজাম্মেল হক, পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী, পররাষ্ট্রসচিব শহীদুল হক  উপস্থিত ছিলেন।

মুক্তিযুদ্ধে বাংলাদেশকে প্রত্যক্ষ সমর্থন জানিয়েছিল কানাডা। তখন দেশটির প্রধানমন্ত্রী ছিলেন বর্তমান প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর বাবা পিয়েরে ইলিয়ট ট্রুডো। অসামান্য সেই অবদানের জন্য ২০১২ সালে পিয়েরে ইলিয়ট ট্রুডোকে মরণোত্তর ‘বাংলাদেশ মুক্তিযুদ্ধ সম্মাননা’য় ভূষিত করা হয়। 

সম্মাননা হস্তান্তরের পর পররাষ্ট্র সচিব শহীদুল হক সাংবাদিকদের কাছে ব্রিফিংয়ে জানান, “প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, মহান মুক্তির সংগ্রামের দিনগুলোতে বিশ্বের গুটিকতক বিশ্বনেতা বাংলাদেশের পাশে দাঁড়িয়েছিলেন, ট্রুডো ছিলেন তাদের অন্যতম। তিনি আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলেছেন, আর কানাডা ছিল স্বাধীন বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম কয়েকটি দেশের একটি।”

এছাড়াও জাতিসংঘ ও কমনওয়েলথে বাংলাদেশের সদস্যপদ লাভের পক্ষে পিয়েরে ট্রুডোর সরাসরি অবস্থান গ্রহণের কথাও কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জিএএফ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

এর আগে শুক্রবার মন্ট্রিয়লে অনুষ্ঠিত দুই দিনব্যাপী 'ফিফথ রিপ্লেনিশমেন্ট কনফারেন্স অব দ্য গ্লোবাল ফান্ড (জিএফ)' সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে দেয়া বক্তব্যে প্রধানমন্ত্রী এইডস, যক্ষা ও ম্যালেরিয়া প্রতিরোধে বিশ্ব নেতাদের সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জানান।

সম্মেলনে শেখ হাসিনা বাংলাদেশের জনগণের স্বাস্থ্য ঝুঁকি মোকাবেলার জন্য বৈশ্বিক তহবিলের সহায়তা চান। একই সঙ্গে তার সরকার জনগণের স্বাস্থ্য সুরক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে যে সব কার্যক্রম বাস্তবায়ন করেছে, তা বিশ্ব নেতাদের অবহিত করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী।

জাস্টিন ট্রুডোর সঙ্গে বৈঠক করছেন শেখ হাসিনা

উদ্বোধনী অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী অন্যান্য রাষ্ট্র ও সরকারপ্রধানদের সঙ্গে সম্মেলনের মিনিস্ট্রিয়াল প্লিজিং মোমেন্ট ও আনুষ্ঠানিক সংবর্ধনায় যোগ দেন। পরে তিনি হায়াত রিজেন্সিতে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর আমন্ত্রণে আনুষ্ঠানিক নৈশভোজে অংশ নেন।

নৈশভোজ শেষে জাস্টিন ট্রুডোর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হন শেখ হাসিনা। এ সময় তার হাতে 'ফ্রেন্ডস অব লিবারেশন ওয়ার অনার' পুরস্কার হস্তান্তর করেন।

এর আগে বৃহস্পতিবার বিকেলে প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর আমন্ত্রণে চার দিনের সরকারি সফরে মন্ট্রিল পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।#

পার্সটুডে/এআর/১৭