২০১৯ সালে শেখ হাসিনার অধীনে নির্বাচনের প্রস্তুতি নিন : বিএনপির প্রতি হাছান মাহমুদ
https://parstoday.ir/bn/news/bangladesh-i20416-২০১৯_সালে_শেখ_হাসিনার_অধীনে_নির্বাচনের_প্রস্তুতি_নিন_বিএনপির_প্রতি_হাছান_মাহমুদ
২০১৯ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে জাতীয় নির্বাচনে আসার প্রস্তুতি নিতে বিএনপির প্রতি পরামর্শ দিয়েছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ।
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
সেপ্টেম্বর ১৭, ২০১৬ ১২:৩০ Asia/Dhaka
  • ড. হাছান মাহমুদ
    ড. হাছান মাহমুদ

২০১৯ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে জাতীয় নির্বাচনে আসার প্রস্তুতি নিতে বিএনপির প্রতি পরামর্শ দিয়েছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ।

সকলের অংশগ্রহণে গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের বিএনপির দাবি প্রসঙ্গে আজ (শনিবার) সকালে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশনে এক আলোচনা সভায় তিনি বলেন, “সবার অংশগ্রহণে নির্বাচন হোক সেটা আমরাও চাই। ২০১৪ সালের নির্বাচনের মত ভুল সিদ্ধান্ত না নিয়ে সংবিধান অনুযায়ী ২০১৯ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে নির্বাচনে আসার প্রস্তুতি নিন।”

বিএনপির উদ্দেশ্যে হাছান মাহমুদ বলেন, “দল গোছানোর চেষ্টা করছেন ভালো কথা; কিন্তু আপনারা তো জঙ্গি লালন পালন করছেন। এই সর্বনাশা পথ পরিহার করে অতীত কর্মকাণ্ডের জন্য জাতির কাছে ক্ষমা চেয়ে সুস্থধারার রাজনীতিতে ফিরে আসুন।”

গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে বিএনপি মহাসচিবের অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, “আসলে বাংলাদেশের পত্র-পত্রিকার মতো স্বাধীনতা পৃথিবীর উন্নত রাষ্ট্রগুলোতেও নেই। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এমনকি ইউরোপের দেশগুলোর গণমাধ্যমও বাংলাদেশের মত স্বাধীনতা ভোগ করে না।”

এ সময়, “বিএনপি ক্ষমতায় থাকলে শুধু রামপাল নয়, দেশে কোনো বিদ্যুৎ কেন্দ্রই হতো না বলে মন্তব্য করে এ আওয়ামী লীগ নেতা বলেন, ২০০১ সালে বিএনপি ক্ষমতায় থাকার সময় বিদ্যুৎ খাতে ২১ হাজার কোটি টাকা লোপাট হয়েছে। অথচ এক মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনও বাড়েনি।”

এদিকে, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ বলেন, সংসদ নির্বাচন নিয়ে জনগণ ভাবছে না। নির্বাচনের সময় যখন আসবে তখন এ নিয়ে আলোচনা হবে।

আজ (শনিবার) সকালে কুষ্টিয়া শহরের নিজ বাসভবনে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। হানি বলেন, সংসদ নির্বাচন নিয়ে আরো দুই-তিন বছরের আগে আলোচনার কোনো সুযোগ নেই। বিএনপি এখন সন্ত্রাসী কর্মকাণ্ডের ওপর ভর করেছে। তাদের সন্ত্রাসী কর্মকাণ্ড যখন আইন-শৃঙ্খলা বাহিনী দমনের চেষ্টা করছে তখন তারা নানা অভিযোগ করছে।#

পার্সটুডে/শামস মণ্ডল/আশরাফুর রহমান/১৭