জিএসপি না দেয়া বাংলাদেশের জন্য দুঃখজনক ও নির্দয় সিদ্ধান্ত: শেখ হাসিনা
https://parstoday.ir/bn/news/bangladesh-i20656-জিএসপি_না_দেয়া_বাংলাদেশের_জন্য_দুঃখজনক_ও_নির্দয়_সিদ্ধান্ত_শেখ_হাসিনা
মার্কিন যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পণ্যের অবাধ বাজারসুবিধা (জিএসপি) না দেয়াকে বাংলাদেশের জন্য দুঃখজনক ও নির্দয় সিদ্ধান্ত বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
(last modified 2026-06-27T09:59:16+00:00 )
সেপ্টেম্বর ২০, ২০১৬ ০৭:৫৫ Asia/Dhaka
  • জিএসপি না দেয়া বাংলাদেশের জন্য দুঃখজনক ও নির্দয় সিদ্ধান্ত: শেখ হাসিনা

মার্কিন যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পণ্যের অবাধ বাজারসুবিধা (জিএসপি) না দেয়াকে বাংলাদেশের জন্য দুঃখজনক ও নির্দয় সিদ্ধান্ত বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

নিউ ইয়র্কে হোটেল ওয়াল্ডফ এসটোরিয়ায় বিজনেস কাউন্সিল অব ইন্টারন্যাশনাল আন্ডারস্টান্ডিং-এর সভায় তিনি এ মন্তব্য করেন। বৈঠকে অংশ নেন প্রধানমন্ত্রীর সঙ্গে সফরসঙ্গী হয়ে আসা বাংলাদেশের ব্যবসায়ী নেতারা।

বৈঠকে বাংলাদেশে ব্যবসাবান্ধব পরিবেশ বিরাজ করছে জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মার্কিন ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানান। তিনি বলেন, “২০১৩ সালে যুক্তরাষ্ট্র বাংলাদেশে জিএসপি সুবিধা বাতিল করে। ২০১৫ অন্যান্য দক্ষিণ এশিয়ার দেশগুলোতে জিএসপি সুবিধা ফিরিয়ে দিলেও বাংলাদেশকে না দেয়াটা দুঃখজনক ও নির্দয় সিদ্ধান্ত। এখন যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশকে কোটামুক্তভাবে প্রবেশের সুবিধা প্রদান করা উচিত।”

এর আগে জাতিসংঘ ভবনে অভিবাসন এবং শরণার্থী বিষয়ে একটি উচ্চ পর্যায়ের বৈঠকে অংশ নেন প্রধানমন্ত্রী। সেখান তিনি শরণার্থীদের নিরাপত্তার ওপর জোর দিয়ে বলেন, “আমরা কাউকেই পেছনে ফেলে যেতে চাই না। অভিবাসন অধিকার সবসময় নিরাপদ থাকা উচিত। আমাদের বৈচিত্রময় সমাজে অভিবাসী ও শরণার্থীদের অধিকারের উন্নয়ন ও সংরক্ষণ খুবই জরুরি।”

বৈঠকের অবকাশে মিয়ানমারের পররাষ্ট্রমন্ত্রী অং সাং সুচি’র সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হন প্রধানমন্ত্রী।#  

পার্সটুডে/এআর/২০