একমাত্র ভালোবাসা ছাড়া প্রধানমন্ত্রীকে দেয়ার মতো কিছুই নেই: আশরাফ
https://parstoday.ir/bn/news/bangladesh-i20782-একমাত্র_ভালোবাসা_ছাড়া_প্রধানমন্ত্রীকে_দেয়ার_মতো_কিছুই_নেই_আশরাফ
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভ্যর্থনা দেয়ার বিষয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, ‘প্রধানমন্ত্রী দেশের জন্য, দেশের মানুষের জন্য অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। আমরা শুধু ধন্যবাদ দেয়ার জন্য আয়োজন করেছি।’
(last modified 2026-06-27T09:59:16+00:00 )
সেপ্টেম্বর ২১, ২০১৬ ১৪:৪১ Asia/Dhaka
  • সৈয়দ আশরাফুল ইসলাম (ফাইল ফটো)
    সৈয়দ আশরাফুল ইসলাম (ফাইল ফটো)

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভ্যর্থনা দেয়ার বিষয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, ‘প্রধানমন্ত্রী দেশের জন্য, দেশের মানুষের জন্য অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। আমরা শুধু ধন্যবাদ দেয়ার জন্য আয়োজন করেছি।’

আজ (বুধবার) ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে দলের সহযোগী-ভ্রাতৃপ্রতিম এবং ঢাকা মহানগর উত্তর-দক্ষিণের শীর্ষ নেতাদের নিয়ে যৌথ সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন। সৈয়দ আশরাফ বলেন, ‘প্রধানমন্ত্রী জীবনের মায়া ত্যাগ করে যেভাবে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, আমরা তাঁকে ছোট্ট একটা ধন্যবাদ দেব। একমাত্র ভালোবাসা ছাড়া তাঁকে দেয়ার মতো আওয়ামী পরিবারের আর কিছুই নেই।’

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী এখন এমন উচ্চতায় পৌঁছেছেন যে তিনি এখন আর শুধু আওয়ামী লীগের নন, পুরো জাতির।’

সৈয়দ আশরাফ বলেন, ‘বিমানবন্দর থেকে মিছিলসহকারে প্রধানমন্ত্রীকে তাঁর সরকারি বাসভবনে নিয়ে যাওয়া হবে। এটা একটা দৃষ্টান্ত হয়ে থাকবে। আমরা কাউকে বাদ দিতে চাই না। সবাইকে নিয়েই আমরা এই সংবর্ধনাটা দিতে চাই মাননীয় প্রধানমন্ত্রীকে। আমার বিশ্বাস, এটা বিশাল সংবর্ধনা হবে।’

প্রধানমন্ত্রীর গণসংবর্ধনা যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হতে পারে সে জন্য আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলোকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান সৈয়দ আশরাফ।

২৬ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী দেশে ফেরার পর তাঁকে বিমানবন্দর থেকে গণভবন পর্যন্ত অভ্যর্থনা দেবে আওয়ামী লীগ। এটা সফল করতেই যৌথ সভার আয়োজন করা হয়।

যৌথ সভায় উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা মাহবুব উল আলম হানিফ, খালিদ মাহমুদ চৌধুরী, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, যুবলীগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বেলাল হোসাইন, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক পঙ্কজ দেবনাথ, ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি কাজী এনায়েত প্রমুখ।#

পার্সটুডে/এআর/২২