বিএনপিকে ধ্বংসের সরকারি চক্রান্ত কোনোক্রমেই ফলপ্রসূ হবে না: ফখরুল
https://parstoday.ir/bn/news/bangladesh-i21088-বিএনপিকে_ধ্বংসের_সরকারি_চক্রান্ত_কোনোক্রমেই_ফলপ্রসূ_হবে_না_ফখরুল
নেতাকর্মীদের গ্রেফতার ও নির্যাতনের মাধ্যমে বিএনপিকে ধ্বংস করার সরকারি চক্রান্ত কোনোক্রমেই ফলপ্রসূ হবে না বলে মন্তব্য করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
সেপ্টেম্বর ২৪, ২০১৬ ১৭:০৮ Asia/Dhaka
  • মির্জা ফখরুল ইসলাম আলমগীর
    মির্জা ফখরুল ইসলাম আলমগীর

নেতাকর্মীদের গ্রেফতার ও নির্যাতনের মাধ্যমে বিএনপিকে ধ্বংস করার সরকারি চক্রান্ত কোনোক্রমেই ফলপ্রসূ হবে না বলে মন্তব্য করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ (শনিবার) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে তিনি দলের ভাইস চেয়ারম্যান ও সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপক এম এ মান্নান সকল মামলায় জামিনের পরও নতুন করে গ্রেফতার দেখানোর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন।

বিবৃতিতে মির্জা ফখরুল বলেন, “গণতন্ত্রের শেষ চিহ্নটুকু মুছে দিয়ে দেশে এক ব্যক্তির শাসন কায়েম করতেই সব মামলায় জামিন লাভের পরও বিএনপির ভাইস চেয়ারম্যান ও জননন্দিত নেতা অধ্যাপক এম এ মান্নানকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে গত ২২ সেপ্টেম্বর নতুন করে  গ্রেপ্তার দেখিয়ে জেলে রাখা হয়েছে। পুনরায় গ্রেফতারের মাধ্যমে কারান্তরীণ করে অধ্যাপক এম এ মান্নানকে নাজেহাল ও রাজনেতিকভাবে পর্যুদস্ত করতেই এ ধরনের ন্যক্কারজনক ঘটনার অবতারণা করা হয়েছে।”   

বিএনপি মহাসচিব আরো উল্লেখ করেন,  “অধ্যাপক এম এ মান্নান গত গাজীপুর সিটি করপোরেশননির্বাচনে লক্ষাধিক ভোটের ব্যবধানে মেয়র নির্বাচিত হয়েছিলেন। তাঁকে শুধু রাজনৈতিক উদ্দেশ্যে প্রতিহিংসামূলকভাবে একের পর এক মিথ্যা মামলা দিয়ে কারাগারে আটক করে রাখা হয়েছে। যখনই তিনি উচ্চ আদালত থেকে জামিনপ্রাপ্ত হচ্ছেন, তখনই ষড়যন্ত্রমূলকভাবে শ্যোন অ্যারেস্ট দেখিয়ে তাঁর কারামুক্তি বাধাগ্রস্ত করা হচ্ছে। সরকারের এ ধরনের কার্যকলাপ এই সত্যই প্রমাণ করে যে, এই  সরকার গণতন্ত্রে বিশ্বাস করে না এবং জনগণের প্রদত্ত রায়কেও মিথ্যা মামলার মাধ্যমে পদদলিত করে।”

বিএনপি মহাসচিব সরকারের সকল নিবর্তনমূলক কার্যকলাপের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়ে অবিলম্বে অধ্যাপক এম এ মান্নানের বিরুদ্ধে আনিত সব মিথ্যা মামলা প্রত্যাহার করে নিঃশর্ত মুক্তি দাবি করেন। #

পার্সটুডে/আবদুর রহমান খান/আশরাফুর রহমান/২৪