মধ্যবর্তী নয়, নিরপেক্ষ কমিশন গঠন করে জাতীয় নির্বাচন চায় বিএনপি
-
বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু
বাংলাদেশে রাজপথের প্রধান বিরোধীদল বিএনপি একটি নিরপেক্ষ ও শক্তিশালী নির্বাচন কমিশন (ইসি) গঠনের পর আগামী জাতীয় সংসদ নির্বাচনের দাবি জানিয়েছে।
আজ (রোববার) দুপুরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু খোলাসা করে বলেন, “আমরা মধ্যবর্তী চাই না। আমরা চাই নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন করে জাতীয় নির্বাচন দেয়া হোক। এজন্য সরকারের কাছে আমরা বারবার আহ্বান জানিয়ে আসছি আলাপ-আলোচনার মাধ্যমে নির্বাচন কমিশন গঠন করে দ্রুত নির্বাচন দিন।“
এ সময় দুদু গাজীপুরের মেয়র অধ্যাপক এম এ মান্নান সকল মিথ্যা মামলায় জামিন পাওয়ার পরও তাকে শ্যোন অ্যারেস্ট দেখিয়ে ফের কারাগারে পাঠানোকে সরকারের নির্যাতন নিপীড়নের নগ্ন বহিঃপ্রকাশ বলে মন্তব্য করেন।
সরকারের এ জাতীয় কর্মকাণ্ডের নিন্দা জানিয়ে দুদু বলেন, দেশে রাজনীতির স্বাভাবিক পরিবেশ রয়েছে বলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভয়েস অব আমেরিকাকে যে সাক্ষাৎকার দিয়েছেন, তার সঙ্গে বাস্তবতার কোনো মিল নেই।
নিউ ইয়র্কে অবস্থানকালে ভয়েস অব আমেরিকাকে দেয়া সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী বলেছেন, ‘আমরা তো কারও কাছ থেকে কথা কেড়ে নিচ্ছি না। যার যা ইচ্ছা, কথা বলেই যাচ্ছে। তারা মিটিং করছে, র্যালি করছে—সবই তারা করছে। রাজনীতির যথেষ্ট সুযোগ আছে, এর মধ্যে কোনো সন্দেহ নেই।’
প্রধানমন্ত্রীর এই বক্তব্যের সমালোচনা করে শামসুজ্জামান বলেন, “দেশে স্বাভাবিক পরিস্থিতি একেবারেই নেই। বিএনপি একেবারেই সভা-সমাবেশ-মিছিল করতে পারে না। কখনো কখনো এটা একেবারে সীমাবদ্ধ সময়ের মধ্যে করা যায়। বাইরে সমাবেশ করার কোনো সুযোগ নেই। ঘরের মধ্যে সীমাবদ্ধ জায়গায় নির্দিষ্ট সময়ের জন্য অনুমতি দেয়া হয়।”
বিএনপির এই নেতা অভিযোগ করেন, সরকার সম্পূর্ণ গায়ের জোরে এবং জনস্বার্থ ও সুন্দরবনের ঝুঁকিকে পাত্তা না দিয়ে রামপাল কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প নির্মাণ করতে চাইছে।
সরকারের অনড় অবস্থান গোটা জাতিকে হতবাক ও বিস্মিত করেছে। সুন্দরবন রক্ষায় এবং রামপাল কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প স্থাপনে সরকারের একগুঁয়েমি মনোভাবের বিরুদ্ধে দলমত-নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।#
পার্সটুডে/আবদুর রহমান খান/আশরাফুর রহমান/২৫