রাষ্ট্রদ্রোহ মামলায় তারেক রহমান ও মাহাথির ফারুকীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
-
বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান
রাজধানীর তেজগাঁও থানার রাষ্ট্রদ্রোহের মামলায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান ও বেসরকারি টেলিভিশন চ্যানেল একুশে টেলিভিশনের সাবেক প্রধান প্রতিবেদক মাহাথির ফারুকীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত।
আজ (বৃহস্পতিবার) মামলার চার্জশিট আমলে নিয়ে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাফুজ্জামান আনসারী আসামিরা পলাতক থাকায় তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। আসামিদের গ্রেফতার করা না গেলে তাদের মালামাল ক্রোকেরও নির্দেশ দেন তিনি। আগামী ২ নভেম্বর এ সংক্রান্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য করেছেন তিনি।
মামলার অপর দুই আসামির মধ্যে একুশে টিভির চেয়ারম্যান আবদুস সালাম বর্তমানে কারাগারে আটক আছেন। অপর আসামি চ্যানেলটির বিশেষ প্রতিনিধি কণক সরওয়ার এ মামলায় জামিনে আছেন।
গত ৬ সেপ্টেম্বর মামলাটির তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক ইমদাদুল হক ঢাকার সিএমএম আদালতে আবদুস সালাম, তারেক রহমানসহ ৪ আসামির বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন। গত বছরের ৪ জানুয়ারি রাতে লন্ডন থেকে তারেক রহমানের বক্তব্য সরাসরি সম্প্রচার করে একুশে টেলিভিশন। এর পরদিন রাতে কারওয়ান বাজারের ইটিভির কার্যালয় থেকে বাসায় ফেরার পথে সালামকে আটক করে মহানগর গোয়েন্দা পুলিশ। ‘ইটিভিতে তারেক রহমানের বক্তব্য প্রচার রাষ্ট্রদ্রোহের শামিল’ এ অভিযোগে ওই বছরের ৮ জানুয়ারি দণ্ডবিধির ১২৪(এ) ধারায় রাষ্ট্রদ্রোহের মামলাটি করেন তেজগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) বোরহান উদ্দিন।
এদিকে, ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেয়ায় বহিষ্কৃত বিএনপি নেতা চৌধুরী তানভির আহমেদ সিদ্দিকীর ছেলে চৌধুরী ইরাদ আহমেদ সিদ্দিকীর বিরুদ্ধে ঢাকার আদালতে আরো একটি মামলা দায়ের করা হয়েছে।
আজ (বৃহস্পতিবার) সকালে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মানহানি ও হুমকির অভিযোগ এনে মামলাটি করেন প্রবাসী আওয়ামী লীগ নেতা ইসমাইল মো. গোলাম রসুল।
এ ঘটনায় ইরাদ সিদ্দিকীর বিরুদ্ধে এটি চতুর্থ মামলা। এর আগে চট্টগ্রাম, গাজীপুর ও বগুড়াতে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। চট্টগ্রামে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির আইনের ৫৭ ধারা ছাড়াও রাষ্ট্রদ্রোহের অভিযোগ আনা হয়েছে ইরাদ সিদ্দিকীর বিরুদ্ধে।#
পার্সটুডে/শামস মণ্ডল/আশরাফুর রহমান/২৯