হাজারো মানুষের উপস্থিতিতে গাজীপুরে হান্নান শাহ’র জানাজা অনুষ্ঠিত
https://parstoday.ir/bn/news/bangladesh-i21538-হাজারো_মানুষের_উপস্থিতিতে_গাজীপুরে_হান্নান_শাহ’র_জানাজা_অনুষ্ঠিত
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহ’র ৫ম নামাজে জানাজা সম্পন্ন হয়েছে। আজ (শুক্রবার) বেলা ১১টায় গাজীপুরের ঐতিহাসিক রাজবাড়ি মাঠে নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
সেপ্টেম্বর ৩০, ২০১৬ ০৯:৩২ Asia/Dhaka
  • হাজারো মানুষের উপস্থিতিতে গাজীপুরে হান্নান শাহ’র জানাজা অনুষ্ঠিত

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহ’র ৫ম নামাজে জানাজা সম্পন্ন হয়েছে। আজ (শুক্রবার) বেলা ১১টায় গাজীপুরের ঐতিহাসিক রাজবাড়ি মাঠে নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।

জানাজায় ইমামতি করেন গাজীপুর কেন্দ্রীয় মসজিদের ইমাম মাওলানা মনিরুল ইসলাম খান। এতে জেলা বিএনপি, আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও এলাকার সর্বস্তরের কয়েক হাজার লোক অংশ নেন। এ সময় মরহুম হান্নান শাহ’র দীর্ঘ রাজনৈতিক জীবনের বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। অন্যদের মধ্যে বক্তব্য দেন হান্নান শাহ’র দুই ছেলে, বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয়  নেতা এবং আওয়ামী লীগের গাজীপুর মহানগর শাখার সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম।

পরে মরহুমের লাশ নিয়ে যাওয়া হয় তার নিজ গ্রাম কাপাসিয়ার ঘাগুটিয়ায়। সেখানে বাদ জুমা জানাজা শেষে পারিবারিক গোরস্থানে তাকে দাফন করা হবে।

এর আগে সকাল সাড়ে ৮টার দিকে হান্নান শাহের কফিনবাহী গাড়ি গাজীপুর শহরের রাজবাড়ি মাঠে এসে পৌঁছায়। সেখানে অস্থায়ীভাবে কালো কাপড় দিয়ে তৈরি মঞ্চে তার মরদেহ রাখা হয়। জানাজা শেষে দলীয় নেতাকর্মীরা ফুল দিয়ে তাকে শেষ শ্রদ্ধা জানান।  

রাজবাড়ি মাঠে হান্নান শাহ'র নামাজে জানাজা

গত মঙ্গলবার ভোরে সিঙ্গাপুরের র‍্যাফেল হার্ট সেন্টারে হান্নান শাহ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। গত ৬ সেপ্টেম্বর অসুস্থ অবস্থায় ৭৫ বছর বয়সী হান্নান শাহকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়। সেখানকার নিবিড় পর্যবেক্ষণকেন্দ্রে (আইসিইউ) তাঁকে লাইফ সাপোর্টে রাখা হয়। ভর্তি হওয়ার দুদিন পর হান্নান শাহর শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়। পরে ১০ সেপ্টেম্বর আবার তাঁর অবস্থার অবনতি ঘটে। এর পর উন্নত চিকিৎসার জন্য তাঁকে বিদেশে পাঠানোর কথা বলেন চিকিৎসকরা। হান্নান শাহ দীর্ঘদিন ধরে হৃদরোগে ভুগছিলেন। ১১ সেপ্টেম্বর রাতে এয়ার অ্যাম্বুলেন্সে করে তাঁকে সিঙ্গাপুরে নেয়া হয়। সেখানেই তাঁর মৃত্যু হয়।

সিঙ্গাপুরে প্রথম জানাজা শেষে হান্নান শাহ’র মরদেহ দেশে আনা হয়। গতকাল সকালে মহাখালী ডিওএইচএস মসজিদে দ্বিতীয় জানাজা ও জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তৃতীয়য় জানাজা শেষে দুপুর সাড়ে ১২টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আনা হয় হান্নান শাহ’র মরদেহ। সেখানে তার চতুর্থ জানাজা সম্পন্ন হয়। এতে ইমামতি করেন জাতীয়তাবাদী ওলামা দলের সভাপতি হাফেজ মাওলানা আব্দুল মালেক।#


পার্সটুডে/এআর/৩০