সাভারে আটকের পর পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ যুবদল নেতা নিহত
-
শাহ-আলম নয়ন
বাংলাদেশের রাজধানী ঢাকার সাভারে পুলিশের সঙ্গে কথিত বন্ধুকযুদ্ধে পৌর যুবদলের সাংগঠনিক সম্পাদক শাহ-আলম নয়ন (৪২) নিহত হয়েছেন। তিনি সাভার পৌর এলাকার মালঞ্চ আবাসিক এলাকার শহিদুল ইসলামের ছেলে।
আজ (শনিবার) ভোর রাতে সাভারের বিরুলিয়া ইউনিয়নের কৃষিবিদ নার্সারির পাশে এ ঘটনা ঘটে।
সাভার মডেল থানার সিনিয়র সহকারী পুলিশ সুপার মাহাবুবুর রহমান বলেন, শুক্রবার গভীর রাতে যুবদল নেতা শাহা আলম নয়নকে রাজধানীর মোহাম্মদপুরের নিজ বাসা থেকে আটক করে সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এস আই) তন্ময় ও আহসান। পরে শনিবার ভোর রাতে সাভারের বিরুলিয়ার কৃষিবিদ নার্সারির পাশে পুলিশের সঙ্গে বন্ধুকযুদ্ধে আহত হন তিনি। পরে পুলিশ তাকে আশংকাজনক অবস্থায় উদ্ধার করে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। পরে মরদেহ ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।
ওই পুলিশ কর্মকর্তা আরও বলেন, বিএনপি নেতা শাহ-আলম নয়ন সাভারের শীর্ষ মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসী। তার বিরুদ্ধে সাভার থানায় গাড়িতে অগ্নিসংযোগ ও মানুষ পুড়িয়ে হত্যা এবং পুলিশের ওপর হামলার ঘটনা, অস্ত্র মামলা, মাদক ব্যবসা, অপহরণ ও হত্যাসহ মোট ১০টি মামলা রয়েছে।
নিহতের ছোট ভাই মাসুদ আলম লিটন বলেন, শুক্রবার নয়নকে ঢাকার মোহাম্মদপুরের বিহারী কলোনীর ভাড়া বাসা থেকে গ্রেফতার করে নিয়ে আসেন সাভার মডেল থানার এসআই তন্ময় কুমার ও এএসআই আহসান হাবিব। গ্রেফতার করে আনার পর সে থানাতেই ছিল। তবে পুলিশ আমাদের দেখা করতে দেয়নি। রাত ৯টার দিকে মাইক্রোবাসে করে থানা থেকে তাকে নিয়ে যেতে দেখেছেন আমার মা।”
সকালে কৃষিবিদ নার্সারির পাশে ‘বন্দুকযুদ্ধে’ নয়নের নিহত হওয়ার খবর পান বলে জানান লিটন।#
পার্সটুডে/এআর/১