বেঁচে থাকার জন্য প্রয়োজনে মরার প্রস্তুতি নেবে বিএনপি : গয়েশ্বর
-
গয়েশ্বর চন্দ্র রায়
বাংলাদেশের ক্ষমতাসীন সরকার দমন-পীড়ন অব্যাহত রাখলে বিএনপি বসে থাকবে না বলে মন্তব্য করে দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। বেঁচে থাকার জন্য প্রয়োজনে তার দল মরার প্রস্তুতি নেবে বলেও জানান তিনি।
আজ (বৃহস্পতিবার) দুপুরে নয়াপল্টনে শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
দ্রুত জাতীয় নির্বাচন দাবি করে গয়েশ্বর বলেন, একটি অবাধ নির্বাচনের মাধ্যমে যে সরকার ক্ষমতায় আসবে সেই সরকারকে আমরা আলিঙ্গন করার জন্য প্রস্তুত থাকব। নাগরিক অধিকার বঞ্চিত রাখার জন্য যদি এই ধরনের কর্মকাণ্ড অব্যাহত থাকে, তাহলে বিএনপিও অলস বসে থাকবে না। ডু অর ডাই অর্থাৎ বেঁচে থাকর জন্য মরার প্রস্তুতি নিতে হবে।
চীনের প্রেসিডেন্টের বাংলাদেশ সফরকে স্বাগত জানিয়ে তিনি বলেন, বিভিন্ন দেশ থেকে অর্থ নিয়ে একের পর এক মেগা প্রকল্পের মাধ্যমে সরকার মেগা লুটপাট করছে। চীনের প্রেসিডেন্টের এ সফরে দেশের স্বার্থ বিরোধী কোন চুক্তি হবে না বলেও আশা প্রকাশ করেন গয়েশ্বর।
তিনি আরো বলেন, চীনের প্রেসিডেন্টের এই সফরে ভালো কিছু প্রত্যাশা করে বিএনপি। একটি বিষয় বুঝতে হবে, আমরা দেশের স্বার্থটা যতটা না বুঝি, বিশ্বের আর যত দেশ আছে, তারা তাদের দেশের স্বার্থটা বেশি বোঝে। তাই পারস্পরিক স্বার্থ সমন্বয় করে সকলের স্বার্থ রক্ষা পায়, এমন চুক্তি সকল দেশের সাথে চাই।
এদিকে, রমনা থানায় করা নাশকতার এক মামলায় হাইকোর্ট থেকে ছয় মাসের জামিন পেয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
আজ (বৃহস্পতিবার) দুপুরে বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি শহিদুল করিমের অবকাশকালীন হাইকোর্ট বেঞ্চ এ জামিন মঞ্জুর করেন। আদালতে রিজভীর পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন। সঙ্গে ছিলেন সগীর হোসেন। রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শহীদুল ইসলাম।
আইনজীবী সগীর হোসেন জানান, এ মামলায় জামিন পাওয়ায় রিজভীর কারামুক্তিতে আর কোনো বাধা নেই। গত মাসে নাশকতার আরও পাঁচ মামলায় হাইকোর্ট থেকে জামিন পেয়েছিলেন রিজভী। #
পার্সটুডে/শামস মণ্ডল/আশরাফুর রহমান/১৩