সরকার বিচার বিভাগকে প্রভাবিত করছে : নজরুল ইসলাম খান
https://parstoday.ir/bn/news/bangladesh-i22942-সরকার_বিচার_বিভাগকে_প্রভাবিত_করছে_নজরুল_ইসলাম_খান
বাংলাদেশের ক্ষমতাসীন সরকার বিচার বিভাগকে প্রভাবিত করছে বলে অভিযোগ করেছেন বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। বেগম খালেদা জিয়া ও তারেক রহমানসহ দলের নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেয়া হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
অক্টোবর ১৪, ২০১৬ ১৩:৪৭ Asia/Dhaka
  • বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান
    বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান

বাংলাদেশের ক্ষমতাসীন সরকার বিচার বিভাগকে প্রভাবিত করছে বলে অভিযোগ করেছেন বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। বেগম খালেদা জিয়া ও তারেক রহমানসহ দলের নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেয়া হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

আজ (শুক্রবার) সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে স্বাধীনতা ফোরাম আয়োজিত মানববন্ধনে এ অভিযোগ করেন নজরুল ইসলাম খান। তিনি আরও বলেন, গণতন্ত্র হরণের পর সরকার এখন বিরোধী মতের রাজনীতিকদের মিথ্যা মামলায় জড়িয়ে সাজা দেয়ার পাঁয়তারা করছে। যখন কোনো সরকারপ্রধান তদন্তাধীন কোনো মামলা সম্পর্কে আগেই বলে দেন আসামিদের বিরুদ্ধে উত্থাপিত সব অভিযোগ সত্য। তাহলে এ দেশের কোন তদন্ত সংস্থার সাহস আছে যে, তারা নির্দোষ এ রিপোর্ট লিখবে? এখন দেশের বিচার বিভাগের দায়িত্বও সরকার প্রধান হাতে নিয়েছেন বলে মন্তব্য করেন এ বিএনপি নেতা।

ঢাকা সফররত চীনা প্রেসিডেন্ট বাংলাদেশের গণতন্ত্র নিয়ে রাজনীতিবিদদের সঙ্গে আলোচনা করবেন, এমন আশা প্রকাশ করে নজরুল ইসলাম খান বলেন, শি জিনপিং প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে দেশের গণতন্ত্র, রাজনীতি ও নির্বাচন নিয়ে আলোচনা করবেন বলে মনে করে বিএনপি। এর মধ্য দিয়ে যদি আগামী নির্বাচনের বিষয়ে সুরাহা হয়, সেটাই হবে সরকারের বড় সাফল্য।

এদিকে, এক বিবৃতিতে বাংলাদেশ সফরের জন্য চীনের প্রেসিডেন্টকে অভিনন্দন জানিয়েছে বিএনপি। দলটি বলছে, বিএনপি এবং এ দেশের জনগণ বিশ্বাস করে চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক ঐতিহাসিকভাবে অত্যন্ত নিবিড়। যা আরও গভীর হবে এই সফরে।

আজ (শুক্রবার) বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া বিবৃতিতে আরও বলেন, বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে ১৯৭৭ সালে সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের উদ্যোগে চীনের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপিত হওয়ার পর বিভিন্ন সহযোগিতায় পাশে ছিল দেশটি। এই সফর নিঃসন্দেহে দু’দেশের সম্পর্ককে আরও গভীর করবে বলে মনে করে বিএনপি।#

পার্সটুডে/শামস মণ্ডল/আশরাফুর রহমান/১৪