আওয়ামী লীগের সম্মেলন গণমানুষের মনের আগুন নেভাতে পারবে না: নোমান
https://parstoday.ir/bn/news/bangladesh-i23410-আওয়ামী_লীগের_সম্মেলন_গণমানুষের_মনের_আগুন_নেভাতে_পারবে_না_নোমান
বিএনপির নেতা আবদুল্লাহ আল নোমান বলেছেন, ক্ষমতাসীন দলের এত বড় সম্মেলন, এত জৌলুশ, রাজধানীজুড়ে আলোক সজ্জা এসব গণমানুষের মনের আগুন নেভাতে পারবে না। 
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
অক্টোবর ১৯, ২০১৬ ১৫:৩৬ Asia/Dhaka
  • বিএনপি নেতা আবদুল্লাহ আল নোমান
    বিএনপি নেতা আবদুল্লাহ আল নোমান

বিএনপির নেতা আবদুল্লাহ আল নোমান বলেছেন, ক্ষমতাসীন দলের এত বড় সম্মেলন, এত জৌলুশ, রাজধানীজুড়ে আলোক সজ্জা এসব গণমানুষের মনের আগুন নেভাতে পারবে না। 

আজ (বুধবার) রাজধানীতে সাবেক বিএনপির নেতা মরহুম আ স ম হান্নান শাহ'র স্মরণসভায় দলের ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান আওয়ামী লীগের জাতীয় কাউন্সিলকে ঘিরে ব্যয়বহুল ও চোখ ধাঁধাঁনো সাজসজ্জার সমালোচনা করেন। 

সরকারের উদ্দেশে নোমান বলেন, ‘আপনারা বড় সম্মেলন করছেন, বিশাল গেট করছেন, কোটি কোটি টাকা খরচ করছেন। কিন্তু এ সম্মেলন জনগণের কাছে কীভাবে প্রতিভাত হচ্ছে, সেটা যদি একবার জরিপ করে দেখেন, তা হলে জনগণের প্রতিক্রিয়া বুঝতে পারবেন। মানুষ বলছে, তাদের লুটপাটের  টাকায়, দুর্নীতির টাকায় এ সম্মেলন হচ্ছে।’ 

নোমান অভিযোগ করেন, আওয়ামী লীগ সোহরাওয়ার্দী উদ্যানে সম্মেলন করছে। মনে হয় সমগ্র শহর তারা দখল নিয়ে নিয়েছে।

এ প্রসঙ্গে নোমান গত ১৯ মার্চ বিএনপির কেন্দ্রীয় সম্মেলনের কথা উল্লেখ করেন। তিনি বলেন, ‘বিএনপির যখন সম্মেলন হলো, তিন দিন আগেও আমরা জানতাম না কোথায় স্থান পাব। পারমিশন না পেয়ে আমরা পোস্টার-লিফলেটে লিখতে পারলাম না, কর্মীদেরও জানাতে পারলাম না। শেষ পর্যন্ত ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের ভেতরে আমাদের সম্মেলন করতে হয়েছে। অথচ আজ সরকার দলের সম্মেলনের ১৫ দিন আগে মাইকও লাগানো হয়ে গেছে।’ 
বিএনপির এই নেতা বলেন, ‘আমরা চাই, আওয়ামী লীগের সম্মেলন সফল হোক। কিন্তু এ সম্মেলনে দেশের গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে জনগণের আশা-আকাঙ্ক্ষার বাস্তবায়নে তাদের উদ্যোগ থাকতে হবে। যদি এ সম্মেলন প্রতিহিংসার সম্মেলন হয়, বিরোধীদের মামলা-হামলার পরিকল্পনা গ্রহণের জন্য যদি এ সম্মেলন হয়, তাহলে সে সম্মেলনের কার্যকারিতা জনগণের মধ্যে থাকবে না।’ 

এক মাঘে শীত যায় না- এ মন্তব্য করে আবদুল্লাহ আল নোমান ক্ষমতাসীন দলের শীর্ষ নেতৃত্বের উদ্দেশে বলেন, ‘আওয়ামী লীগ অনেক পুরোনো শক্তিশালী রাজনৈতিক দল। কিন্তু জনবিচ্ছিন্নতা আপনাদের গ্রাস করেছে। সেটা উপলব্ধি করতে না পেরে যদি বিএনপিকে ধ্বংস করতে চান, খালেদা জিয়া ও তারেক রহমানকে মামলা দিয়ে রাজনীতি-বিচ্ছিন্ন করতে চান, সেটা পারবেন না।’ 

আ স ম হান্নান শাহ'র মৃত্যুর পর আওয়ামী লীগ ও ১৪ দলের কেউ শোক প্রকাশ না করার কড়া সমালোচনা করেন তিনি।

ইয়ুথ ফোরামের উপদেষ্টা মেজর অব. মিজানুর রহমানের সভাপতিত্বে স্মরণসভায় আরও বক্তব্য দেন জাগপার সভাপতি শফিউল আলম প্রধান, বিএনপির নেতা আবু নাসের মোহাম্মদ রহমাতুল্লাহ, ইয়ুথ ফোরামের সভাপতি সাইদুর রহমান প্রমুখ।#

পার্সটুডে/আবদুর রহমান খান/আশরাফুর রহমান/১৯