বাংলাদেশের স্বপ্নভঙ্গ: ২২ রানে চট্টগ্রাম টেস্ট জিতল ইংল্যান্ড
-
চট্টগ্রাম টেস্টজয়ী ইংলিশ খেলোয়াড়দের উল্লাস
উত্তেজনাপূর্ণ চট্টগ্রাম টেস্টে ইংল্যান্ডের কাছে মাত্র ২২ রানে হেরে গেছে স্বাগতিক বাংলাদেশ। টেস্ট জয়ের জন্য পঞ্চম দিনে বাংলাদেশের প্রয়োজন ছিল মাত্র ৩৩ রান। কিন্তু বাংলাদেশের শেষ দুই ব্যাটসম্যান তাইজুল ইসলাম ও শফিউল ইসলাম আউট হয়ে যান এক ওভারেই। টাইগারদের দ্বিতীয় ইনিংস গুটিয়ে যায় ২৬৩ রানে। ফলে ২২ রানের জয় নিয়ে টেস্ট সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল ইংল্যান্ড।
আজ (সোমবার) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ৮ উইকেটে ২৫৩ রান নিয়ে পঞ্চম ও শেষ দিনের খেলা শুরু করে বাংলাদেশ। সাব্বির রহমান ৫৯ রানে ও তাইজুল ইসলাম ১১ রানে ব্যাট করতে নামেন। কিন্তু চতুর্থ ওভারে বাংলাদেশকে জোড়া ধাক্কা দেন বেন স্টোকস। প্রথম বলেই এলবিডব্লিউ'র ফাঁদে ফেলেন তাইজুলকে। আম্পায়ার প্রথমে আউট না দেয়ার রিভিউ'র আবেদন করেছিলেন ইংল্যান্ডের অধিনায়ক অ্যালিস্টার কুক। আর তাতেই আরো একবার কপাল পুড়েছে বাংলাদেশের। থার্ড আম্পায়ারের আউটের সিদ্ধান্তে সাজঘরের দিকে ফিরতে হয়েছে ১৬ রান করা তাইজুলকে।
এক বল পরে আবারও এলবিডব্লিউ! এবার স্টোকসের শিকার শফিউল। রিভিউ আবেদন করেও কোনো লাভ হয়নি বাংলাদেশের। টেলিভিশন রিপ্লেতে দেখা যায়, স্টোকসের বলটা আঘাত হানত লেগস্টাম্পে। ফলে খুব কাছাকাছি এসেও হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছে বাংলাদেশকে। উইকেটের অপর প্রান্তে দাঁড়িয়ে হতাশ হয়ে শেষ দুই উইকেটের পতন দেখতে হয় সাব্বিরকে।
এর আগে প্রথম ইনিংসে ইংল্যান্ড করেছিল ২৯৩ রান। জবাবে ব্যাট করতে নেমে শুরুটা ভালোভাবেই করেছিল বাংলাদেশ। কিন্তু শেষটা ভালো না হওয়ায় মুশফিকদের প্রথম ইনিংস থেমে গিয়েছিল ২৪৮ রানে। ৪৫ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ড করেছিল ২৪০ রান।
চট্টগ্রাম টেস্টে ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয়েছেন ইংলিশ অলরাউন্ডার বেন স্টোকস। আগামী ২৮ অক্টোবর ঢাকায় দ্বিতীয় টেস্ট খেলতে নামবে বাংলাদেশ ও ইংল্যান্ড।#
পার্সটুডে/এআর/২৪