তাভেল্লা হত্যা মামলায় সরকার বিএনপি নেতাদের জড়িয়েছে: রিজভী
https://parstoday.ir/bn/news/bangladesh-i24112-তাভেল্লা_হত্যা_মামলায়_সরকার_বিএনপি_নেতাদের_জড়িয়েছে_রিজভী
ইতালির নাগরিক তাভেল্লা সিজার হত্যা মামলায় বিএনপি নেতা এম এ কাইয়ুমকে ষড়যন্ত্রমূলকভাবে জড়ানো হয়েছে বলে অভিযোগ করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
অক্টোবর ২৭, ২০১৬ ১২:২১ Asia/Dhaka
  • বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী
    বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী

ইতালির নাগরিক তাভেল্লা সিজার হত্যা মামলায় বিএনপি নেতা এম এ কাইয়ুমকে ষড়যন্ত্রমূলকভাবে জড়ানো হয়েছে বলে অভিযোগ করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

আজ (বৃহস্পতিবার) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় এ অভিযোগ করেন তিনি। 'রক্তাক্ত ২৮ অক্টোবর ও আজকের প্রেক্ষাপট'- শীর্ষক এ আলোচনা সভা আয়োজন করে 'বাংলাদেশ ইয়ুথ ফোরাম'।

রিজভী আহমেদ বলেন, র‌্যাবের মহাপরিচালক বলছেন, তাভেল্লা সিজার হত্যার সঙ্গে নব্য জেএমবির সদস্যরা জড়িত। কিন্তু এ হত্যা মামলায় বিএনপি নেতা এম এ কাইয়ুমকে আসামী করে চার্জশিট দিয়েছে পুলিশ। সরকারের দু'টি বাহিনীর বিপরীতমুখী এ অবস্থানে এটাই প্রমাণিত হয়, সরকারের সর্বোচ্চ পর্যায়ের নির্দেশে ষড়যন্ত্রমূলকভাবে তাকে মামলায় জড়ানো হয়েছে।

এ সময়, দ্রুত জাতীয় সংসদ নির্বাচন দিয়ে নিজেদের জনপ্রিয়তা যাচাই করতে সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ২০১৪ সালের পাঁচ জানুয়ারির নির্বাচন দেশে-বিদেশে প্রশ্নবিদ্ধ হয়েছে। জনগণ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে সরকার পরিবর্তনের জন্য অপেক্ষায় আছে। আর পরবর্তী জাতীয় সংসদ নির্বাচন নিরপেক্ষ সরকারের অধীনেই হতে হবে।

এ সময় দেশে গণতন্ত্র প্রতিষ্ঠায় দলের নেতাকর্মীসহ দেশের জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বানও জানান রিজভী আহমেদ।

এদিকে, রাজধানীর রমনা থানার নাশকতার মামলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের ৪১ নেতাকর্মীর বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানির জন্য ৮ জানুয়ারি দিন ধার্য করেছে আদালত।

আজ (বৃহস্পতিবার) মামলার অভিযোগ গঠন শুনানির দিন ধার্য ছিল। আসামিপক্ষের আইনজীবীরা সময়ের আবেদন করলে তা মঞ্জুর করে শুনানির নতুন দিন ধার্য করেন ঢাকা মহানগর হাকিম আলী মাসুদ শেখ।

২০১৩ সালের ২ মার্চ ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের সামনে গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় রমনা থানার উপ-পরিদর্শক (এসআই) আলী হোসেন বাদী হয়ে এ মামলা করেন।#

পার্সটুডে/শামস মণ্ডল/আশরাফুর রহমান/২৭