ক্রিকেট অস্ট্রেলিয়ার নিরাপত্তা প্রধান ঢাকায়, ‘উৎসাহব্যাঞ্জক’ বললেন নিজামউদ্দিন
https://parstoday.ir/bn/news/bangladesh-i24187-ক্রিকেট_অস্ট্রেলিয়ার_নিরাপত্তা_প্রধান_ঢাকায়_উৎসাহব্যাঞ্জক’_বললেন_নিজামউদ্দিন
চলমান ইংল্যান্ড সিরিজে বাংলাদেশের দেয়া নিরাপত্তাব্যবস্থা পর্যবেক্ষণ করতে ঢাকায় এসেছেন ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) নিরাপত্তা প্রধান শন ক্যারল।
(last modified 2026-05-09T13:18:37+00:00 )
অক্টোবর ২৮, ২০১৬ ০৯:৪৪ Asia/Dhaka
  • ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) নিরাপত্তা প্রধান শন ক্যারল
    ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) নিরাপত্তা প্রধান শন ক্যারল

চলমান ইংল্যান্ড সিরিজে বাংলাদেশের দেয়া নিরাপত্তাব্যবস্থা পর্যবেক্ষণ করতে ঢাকায় এসেছেন ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) নিরাপত্তা প্রধান শন ক্যারল।

আগামী বছরের আগস্টে পূর্ব নির্ধারিত টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশে আসার কথা অস্ট্রেলিয়া দলের। তার আগেই অতিথি দলগুলোকে বাংলাদেশ কী ধরনের নিরাপত্তা দিয়েছে তা দেখতে এসেছেন ক্যারল।

দুই টেস্টের সিরিজ খেলতে ২০১৫ সালের অক্টোবরে অস্ট্রেলিয়া দলের বাংলাদেশ সফর হওয়ার কথা ছিল। কিন্তু আকস্মিক সিদ্ধান্তে ওই বছরের সেপ্টেম্বরে বাংলাদেশ সফর বাতিল ঘোষণা করে অস্ট্রেলিয়া। এরপর জানুয়ারিতে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপেও দল পাঠায়নি আগের টুর্নামেন্টের বিজয়ীরা। টেস্ট সিরিজের নতুন সময়সূচি হিসেবে আগামী বছরে আগস্টকে বেছে নিয়েছে অস্ট্রেলিয়া।

তবে নিরাপত্তা নিয়ে অস্ট্রেলিয়ার এখনো সংশয় কাটেনি। তাই নিরাপত্তার ব্যাপারে পূর্ণ তথ্য পেতে চলমান সিরিজেই চলে এলেন ক্রিকেট অস্ট্রেলিয়ার কর্মকর্তা।নিরাপত্তা ব্যবস্থা বুঝতে গতকাল হোটেল থেকে স্টেডিয়াম পর্যন্ত ইংল্যান্ড দলের সঙ্গেই ছিলেন ক্যারল। আজ থেকে শুরু হওয়া ঢাকা টেস্টেও নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখবেন তিনি।

জনপ্রিয় ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ইএসপিএন-ক্রিকইনফো’র এক প্রতিবেদন থেকে জানা গেছে, ক্যারোলের আসার কথা আগে থেকেই জানত বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বোর্ডের প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী এ তথ্য নিশ্চিতও করেছেন। ক্যারোলের এই সফরকে বাংলাদেশের জন্য ‘উৎসাহব্যাঞ্জক’ মন্তব্য করে তিনি বলেছেন, ‘এটা দারুণ ইঙ্গিত, এর মানে তারা আমাদের নিরাপত্তা ব্যবস্থার বিষয়ে জানতে চায় এবং আগামী বছরে সফরে আসার ব্যাপারে ইতিবাচক।’

সবকিছু ঠিক থাকলে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের সেই সিরিজটি আবার হবে ২০১৭ সালের আগস্ট-সেপ্টেম্বরে। অবশ্য সিরিজের দিন-তারিখ এখনো ঠিক হয়নি।#

পার্সটুডে/এআর/২৮