বিরোধী দলকে কষে গালমন্দ করতে প্রধানমন্ত্রীর জুড়ি মেলা ভার: রিজভী
-
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, "দেশের মানুষ উদ্বেগ ও উৎকণ্ঠায় দিনাতিপাত করছে। দেশের কোথাও কারো কোনো নিরাপত্তা নেই, দেশে আইনশৃঙ্খলা বলতে এখন কিছুই নেই।"
আজ (শুক্রবার) সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। রিজভী আহমেদ বলেন, সম্প্রতি ঘটে যাওয়া কয়েকটি ঘটনা পর্যালোচনা করলে দেখা যায় শিশু-কিশোর ধর্ষণ ও নারীদের ওপর হামলার ঘটনা যে হারে বেড়েছে তা রীতিমতো আঁতকে ওঠার মতো। নারী ও শিশুদের নিরাপত্তা নিয়ে এখন সারাদেশের অভিভাবকরা চিন্তিত হয়ে পড়ছে।
তিনি আরও বলেন, আমাদের দেশের প্রধানমন্ত্রীও একজন নারী। তিনি কারণে অকারণে অকাতরে কথার ধারাবর্ষণ করে যান। বিশেষভাবে দেশের বিরোধী দলগুলোকে কষে গালমন্দ করতে দুনিয়ায় তার জুড়ি মেলা ভার। দেশে এতসব ঘটনা ও পদে পদে নারী লাঞ্ছনা, ধর্ষণ, ধর্ষণের পর হত্যা ও শাসকদলের অঙ্গ সংগঠনগুলোর পৈশাচিকতায় প্রধানমন্ত্রী নিশ্চুপ কেন? দেশের বর্তমান পরিস্থিতির উত্তরণে নারী সমাজসহ সব স্তরের মানুষকে রুখে দাঁড়ানোর আহ্বান জানান রিজভী।
এদিকে, নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হলে আওয়ামী লীগ ১০টা সিটও পাবে না বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।
আজ (শুক্রবার) জাতীয় প্রেস ক্লাবের সামনে বিএনপির কারাবন্দী নেতাদের মুক্তি দাবিতে আয়োজিত মানববন্ধনে তিনি এ মন্তব্য করেন।
নেতাকর্মী মুক্তি দাবি করে দুদু বলেন, বিএনপির নেতা-কর্মীদেরকে মামলা, হামলা ও নির্যাতন করে আন্দোলনের বাইরে রাখার যে স্বপ্ন সরকার দেখছে, সেই স্বপ্ন কোনোদিনই পূরণ হবে না। জনগণের আন্দোলনেই দুঃশাসনের পতন নিশ্চিত হবে।
তিনি আরও বলেন, আওয়ামী লীগ ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়। সার্চ কমিটির নামে 'রকিব মার্কা' নির্বাচনে বিএনপি অংশ নেবে না। বিএনপি কঠিন সময়েও নির্বাচনে অংশ নিয়ে ৩৮টি সিট পেয়ে বিরোধী দলে ছিল। চ্যালেঞ্জ করে বলতে পারি, বর্তমান সরকারের এত ব্যর্থতা রয়েছে, তারা নির্বাচনে ফলাফলই খুঁজে পাবে না।#
পার্সটুডে/শামস মণ্ডল/আশরাফুর রহমান/২৮