সরকার ভিন্ন মোড়কে একদলীয় বাকশালী শাসন চালাচ্ছে: ফখরুল
https://parstoday.ir/bn/news/bangladesh-i24280-সরকার_ভিন্ন_মোড়কে_একদলীয়_বাকশালী_শাসন_চালাচ্ছে_ফখরুল
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার ভিন্নমতকে কখনোই সহ্য করতে পারে না বলে ভিন্ন মোড়কে এখন একদলীয় বাকশালী শাসন কায়েমের পথে এগিয়ে যাচ্ছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
অক্টোবর ২৯, ২০১৬ ১৩:০৫ Asia/Dhaka
  • মির্জা ফখরুল ইসলাম আলমগীর
    মির্জা ফখরুল ইসলাম আলমগীর

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার ভিন্নমতকে কখনোই সহ্য করতে পারে না বলে ভিন্ন মোড়কে এখন একদলীয় বাকশালী শাসন কায়েমের পথে এগিয়ে যাচ্ছে।

আজ(শনিবার) দুপুরে রাজধানীর ভাসানী মিলনায়তনে ঢাকা মহানগর বিএনপির যৌথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, এ সরকার সভা সমাবেশের জায়গাগুলো সংকুচিত করে ফেলেছে। আমরা যখন কোনো সভা সমাবেশের আয়োজন করতে চাই সরকার তখন বিধি নিষেধ আরোপ করে।

তিনি আরো বলেন, আগে পল্টন ময়দানে মুক্তাঙ্গনে সভা করা যেত। এখন সেগুলো বন্ধ করে দিয়েছে। তারপর আইন করে দিয়েছে যে, সভা করতে হলে পুলিশের অনুমতি লাগবে।

মির্জা ফখরুল ৭ নভেম্বরের প্রসঙ্গ টেনে বলেন, ৭ নভেম্বর আমাদের জাতীয় জীবনে খুবই গুরুত্বপূর্ণ দিবস। সেদিনই বাংলাদেশে জাতীয়তাবাদী রাজনীতির ভিত্তি রচিত হয়েছিল। এ দিনটিকে যথাযথভাবে পালনের লক্ষ্যে ঢাকা মহানগর বিএনপি সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের অনুমতি চেয়েছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে কথা হয়েছে। এখনো  অনুমতি পাওয়া যায় নি।

মির্জা ফখরুল বলেন, বর্তমান সরকার বিরোধী মতকে সহ্য করতে পারে না। আসলে আওয়ামী লীগ কখনোই ভিন্ন মত সহ্য করতে পারে না। তারা এখন ভিন্ন মোড়কে পুরনো কায়দায় একদলীয় বাকশালী শাসন চালাচ্ছে। বিরোধী দলকে দমন করে সেই পথেই এগোচ্ছে। এমতাবস্থায় সবাইকে ঐক্যবদ্ধভাবে আন্দোলন করার আহ্বান জানান মির্জা ফখরুল।

ঢাকা মহানগর বিএনপির সভাপতি মির্জা আব্বাসের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, আব্দুস সালাম ও আবুল খায়ের ভূঁইয়া।

উল্লেখ্য, আগামী ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে এ যৌথসভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে নগর বিএনপির সভাপতি মির্জা আব্বাস বলেন, বিএনপিকে জনসভা করার সুযোগ দিতে হবে। বেশি দিন অধিকার বঞ্চিত করে রাখা যাবে না। কারণ জনগণ তাদের অধিকার আদায় করবেই।

তিনি বলেন, বিএনপি এখানো হাজারগুণ সুসংগঠিত আছে। শুধুমাত্র আইন-শৃঙ্খলা বাহিনীর নির্যাতন বন্ধ করে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের উদ্যোগ দেন তাহলেই দেখবেন বিএনপি কতটা সুসংগঠিত আছে।

মির্জা আব্বাস বলেন, ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপি এরইমধ্যে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জনসভা করার অনুমতি চেয়েছে, আশাকরি অনুমতি পাবো। ৭ নভেম্বর জনসভা হবে বিএনপির স্মরণকালের সেরা জনসভা।#

পার্সটুডে/জিএআর/এআরকে/২৯