শেখ হাসিনা সরে গেলে আগামী নির্বাচনে বিএনপি অংশ নেবে: দুদু
https://parstoday.ir/bn/news/bangladesh-i24349-শেখ_হাসিনা_সরে_গেলে_আগামী_নির্বাচনে_বিএনপি_অংশ_নেবে_দুদু
বিএনপি’র ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু জানিয়েছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে তার দল অংশ নেবে। তবে, নির্বাচনকালীন সরকারের প্রধান শেখ হাসিনা থাকতে পারবেন না। তাকে সরে যেতেই হবে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
অক্টোবর ৩০, ২০১৬ ১১:৩০ Asia/Dhaka
  • বিএনপি’র ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু
    বিএনপি’র ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু

বিএনপি’র ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু জানিয়েছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে তার দল অংশ নেবে। তবে, নির্বাচনকালীন সরকারের প্রধান শেখ হাসিনা থাকতে পারবেন না। তাকে সরে যেতেই হবে।

বিএনপি নেতা আ স ম হান্নান শাহর মৃত্যুতে আজ (রোববার) সকালে জাতীয় প্রেস ক্লাবে জিয়া পরিষদ পরিষদ আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। দুদু বলেন, "আমরা নির্বাচনে অংশ নেব এই ভেবে সরকারের মাথা গরম হয়ে গেছে। তবে যে যা বলুক, আগামীর সরকার হবে বিএনপির সরকার। আগামী দিনের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।"

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, আগামী নির্বাচনে কেউ জনগণের ভোট কারচুপি করতে গেলে তাদের ঠ্যাং ভেঙে ফেলা হবে।

জিয়া পরিষদের চেয়ারম্যান কবির মুরাদের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরি, ফজলুল হক মিলন, অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম, ড. লুৎফর রহমান খান, আব্দুল কুদ্দুস, মো. শফিকুল ইসলাম, আব্দুল্লাহিল মাসুদ প্রমুখ।   

এদিকে জেলা পরিষদ নির্বাচন পদ্ধতি সংবিধান পরিপন্থি বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রোববার দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ২০ দলীয় জোটের মহাসচিব পর্যায়ের বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সংবিধানে স্পষ্ট উল্লেখ আছে জাতীয় সংসদ নির্বাচনসহ সব স্থানীয় নির্বাচন জনগণের প্রত্যক্ষ ভোটে অনুষ্ঠিত হবে।

মির্জা ফখরুল জানান, নির্বাচন কমিশন নির্বাচিত জনপ্রতিনিধিদের ইলেক্টোরাল ভোটে জেলা পরিষদ নির্বাচন করার ঘোষণা দিয়েছে। তাদের ঘোষিত এ পদ্ধতি সংবিধানের মূলনীতির পরিপন্থি।

তিনি বলেন, ‘নির্বাচন কমিশনের (ইসি) নির্বাচন ব্যবস্থা কোনো কাজেই আসছে না। আমরা শুরু থেকেই বলে আসছি সম্পূর্ণ নখ-দন্তহীন এ নির্বাচন কমিশন সরকারের অনুগত প্রতিষ্ঠান হিসেবে কাজ করছে।’

এ অবস্থায় জেলা পরিষদ নির্বাচনে বিএনপিসহ ২০ দলীয় জোট অংশ নেব কিনা- তা জোটের শীর্ষ পর্যায়ের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হবে বলে তিনি সাংবাদিকদের জানান।

সংবাদ সম্মেলনে ২০ দলীয় জোটের মহাসচিব পর্যায়ের নেতারাও উপস্থিত ছিলেন।#

পার্সটুডে/আবদুর রহমান খান/আশরাফুর রহমনা/৩০