বিপ্লব ও সংহতি দিবসে সমাবেশের অনুমতি দিয়ে সহায়তা করবে প্রশাসন; রিজভীর আশাবাদ
https://parstoday.ir/bn/news/bangladesh-i24703-বিপ্লব_ও_সংহতি_দিবসে_সমাবেশের_অনুমতি_দিয়ে_সহায়তা_করবে_প্রশাসন_রিজভীর_আশাবাদ
বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ৭ নভেম্বরের পরিবর্তে ৮ নভেম্বর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করতে চায় বিএনপি। এজন্য অনুমতি দিয়ে প্রশাসন সহায়তা করবে বলে আশা করছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
নভেম্বর ০৩, ২০১৬ ১৩:৫৩ Asia/Dhaka
  • রুহুল কবির রিজভী আহমেদ
    রুহুল কবির রিজভী আহমেদ

বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ৭ নভেম্বরের পরিবর্তে ৮ নভেম্বর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করতে চায় বিএনপি। এজন্য অনুমতি দিয়ে প্রশাসন সহায়তা করবে বলে আশা করছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।

আজ (বৃহস্পতিবার) সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ আশাবাদ জানান।

বিপ্লব ও সংহতি দিবস সফল করতে বিএনপি ব্যাপক প্রস্তুতি নিচ্ছে জানিয়ে রিজভী আহমেদ বলেন, "আমরা বিশ্বাস করতে চাই, ক্ষমতাসীন মহলের শুভবুদ্ধির উদয় হবে এবং গণতন্ত্রের পথচলায় সভা-সমাবেশ করতে কোনো বাধার সৃষ্টি করবে না। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ৮ নভেম্বর শান্তিপূর্ণ জনসভা সফল করতে প্রশাসন যথাযথ উদ্যোগ গ্রহণ করবে।"

এ সমাবেশকে ঘিরে বিএনপি নেতাকর্মীদের ভয়-ভীতি দেখানো হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। রিজভী বলেন, "৭ নভেম্বরের কর্মসূচিকে কেন্দ্র করে ঢাকা মহানগরীসহ দেশের বিভিন্ন এলাকায় বিএনপির নেতা-কর্মীদের বাড়িতে পুলিশ হানা দিচ্ছে ও ভয়ভীতি দেখাচ্ছে। এটি বর্তমান শাসকগোষ্ঠীর শুধু অগণতান্ত্রিক আচরণই নয়, বরং এটি অবৈধ রাষ্ট্রক্ষমতার জোরে দেশব্যাপী আধিপত্য বজায়ের আরেকটি ন্যক্কারজনক দৃষ্টান্ত।"

এ সময়, ১০ টাকা কেজি দরে চাল বিক্রি কর্মসূচির সমালোচনা করে তিনি বলেন, "অর্ধাহার ও অনাহারে থাকা গরিব মানুষের জন্য ১০ টাকা কেজি দরে চাল বিতরণের নামে দেশজুড়ে গরিব মানুষের সঙ্গে তামাশা করা হচ্ছে। এর মাধ্যমে ক্ষমতাসীন দলের নেতাদের পকেট ভারী করার জন্য পরিকল্পিত একটি সুযোগ সৃষ্টি করা হয়েছে। মন্ত্রী, এমপিসহ আওয়ামী লীগের রাঘব-বোয়ালদের মহা দুর্নীতি, জালিয়াতি, অনিয়ম ও লুটপাটের পর স্থানীয় পর্যায়ের নেতা-কর্মীদের মোটাতাজা করতেই এই প্রকল্প হাতে নেয়া হয়েছে, এটা জনগণ দৃঢ়ভাবে বিশ্বাস করে।"

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন-বিএনপির কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট অাব্দুস সালাম আজাদ, বেলাল আহমেদ প্রমুখ।#

পার্সটুডে/শামস মণ্ডল/আশরাফুর রহমান/৩