কিবরিয়া হত্যা মামলায় সিলেট সিটি মেয়র আরিফুল হকের জামিন: আপিল করবে রাষ্ট্রপক্ষ
-
কিবরিয়া হত্যা মামলায় সিলেট সিটি মেয়রের জামিন হাইকোর্টে
বাংলাদেশের সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া হত্যার ঘটনায় বিস্ফোরক মামলায় কারাবন্দী সিলেট সিটি করপোরেশনের বরখাস্তকৃত মেয়র বিএনপি নেতা আরিফুল হক চৌধুরীকে জামিন দিয়েছে হাইকোর্ট। রোববার বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি মো.আতাউর রহমান খানের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।
তবে, অ্যাটর্নি জেনারেল বশিরউল্লাহ জানিয়েছেন, হাইকোর্টের এ জামিন আদেশের বিরুদ্ধে আপিল করবে রাষ্ট্রপক্ষ।
বিগত বিএনপি-জামায়াত জোট সরকারের সময়ে ২০০৫ সালের ২৭ জানুয়ারি হবিগঞ্জ সদরের বৈদ্যেরবাজারে গ্রেনেড হামলার নিহত হন সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া। ঐ দিন হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মজিদ খান হত্যা ও বিস্ফোরক আইনে দুইটি মামলা দায়ের করেন।
প্রথমে সিআইডির এএসপি মুন্সি আতিকুর রহমান মামলাটি তদন্ত করে ১০ জনের বিরুদ্ধে ঐ বছরের ২০ মার্চ অভিযোগপত্র দাখিল করেন। পরে মামলার অধিকতর তদন্ত করে ২০১১ সালের ২০ জুন আরো ১৪ জনকে আসামি করে অভিযোগপত্র দাখিল করেন। আগের আসামিদেরও এতে রাখা হয়।
বর্তমানে মামলাটি সিলেটের দ্রুত বিচার আদালতে বিচারাধীন রয়েছে।
ওদিকে, বিএনপি নেতা এবং খুলনা সিটি করপোরেশনের মেয়র মনিরুজ্জামান মনিরকে বরখাস্তের আদেশ স্থগিত করে হাইকোর্টের দেয়া আদেশ বহাল রেখেছে আপিল বিভাগ। এর ফলে মেয়র হিসেবে তার দায়িত্ব পালনে আইনগত বাধা দূর হয়েছে।
রোববার প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের তিন বিচারপতির বেঞ্চ এই আদেশ দেয়।
উল্লেখ্য, গত বছরের ২ নভেম্বর মনিরুজ্জামান মনিরকে মেয়র পদ থেকে সাময়িক বরখাস্ত করে স্থানীয় সরকার মন্ত্রণালয়। এই বরখাস্তের আদেশ গত ৭ জুন স্থগিত করে দেয় হাইকোর্ট। হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে আপিল বিভাগে যায় সরকারপক্ষ। মনিরুজ্জামানের পক্ষে অ্যাডভোকেট এ জে মোহম্মদ আলী,অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী শুনানি করেন। শুনানি শেষে আপিল বিভাগ হাইকেআর্টের আদেশই বহাল রাখে।
আদেশ বহাল থাকায় মনিরুজ্জামান মনির মেয়র হিসেবে দায়িত্ব পালনে আইনগত বাধা থাকল না বলে জানান তার আইনজীবী কায়সার কামাল।#
পার্সটুডে/আব্দুর রহমান খান/গাজী আবদুর রশীদ/১৩