রোহিঙ্গাদের জন্য বাংলাদেশ সীমান্ত খুলে দিন: জাতিসংঘ
মিয়ানমারের সেনাবাহিনীর বর্বরোচিত হামলার মুখে রাখাইন রাজ্য থেকে পালিয়ে আসা রোহিঙ্গা মুসলমানদের জন্য বাংলাদেশের সীমান্ত খোলা রাখার আহ্বান জানিয়েছে জাতিসংঘ।
জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থার (ইউএনএইচসিআর) মুখপাত্র আদরিয়ান এডওয়ার্ডস জেনেভায় এক প্রেস ব্রিফিংয়ে আজ এ আহ্বান জানান। তিনি রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের অবস্থা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করার পাশাপাশি তাদের রক্ষায় মিয়ানমার সরকারকে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ারও আহ্বান জানান।
ইউএনএইচসিআর-এর ওয়েবসাইটে প্রকাশিত বিবৃতিতে রাখাইনে সহিংস পরিস্থিতি থেকে বাঁচতে যারা বাংলাদেশে আসার চেষ্টা করছেন, তাদের জন্য বাংলাদেশ সরকার যেন নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা করে সে বিষয়ে আহ্বান জানানো হয়।
গত ৯ অক্টোবর মিয়ানমারের রাখাইন সীমান্ত চৌকিতে এক হামলার জের ধরে রোহিঙ্গা মুসলমানদের বিরুদ্ধে অভিযান শুরু করে দেশটির সেনাবাহিনী। এর পর থেকেই বাংলাদেশের টেকনাফে ঢোকার চেষ্টা করছে বহু রোহিঙ্গা। তবে বাংলাদেশের সঙ্গে মিয়ানমার সীমান্তে নজরদারি বাড়াতে শুক্রবার আরও তিন প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি মোতায়েন করা হয়েছে।
বাংলাদেশ সীমান্ত সংলগ্ন মিয়ানমারের রাখাইন রাজ্যে নতুন করে সহিংসতা ছড়িয়ে পড়ার পর সেনা অভিযানে এখন পর্যন্ত ১৩০ জনের বেশি মানুষ প্রাণ হারিয়েছেন বলে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে। তবে, ৬৯ জনকে হত্যা করার কথা স্বীকার করে দেশটি সেনাবাহিনী।#
পার্সটুডে/আশরাফুর রহমান/১৮