মুশফিকের বরিশালকে হারিয়ে বিপিএলের শীর্ষে মাহমুদুল্লাহ’র খুলনা
https://parstoday.ir/bn/news/bangladesh-i26257-মুশফিকের_বরিশালকে_হারিয়ে_বিপিএলের_শীর্ষে_মাহমুদুল্লাহ’র_খুলনা
মাহমুদুল্লাহ রিয়াদের লড়াকু ব্যাটিং আর শফিউল ইসলামের ক্যারিয়ার সেরা বোলিংয়ের সুবাদে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ২০তম ম্যাচে মুশফিকুর রহিমের বরিশাল বুলসকে ২২ রানে হারিয়েছে খুলনা টাইটান্স। এর ফলে ছয় ম্যাচে সর্বোচ্চ ১০ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠে এসেছে খুলনা। সমান ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের চার নম্বরে রইল বরিশাল।
(last modified 2026-05-09T13:18:37+00:00 )
নভেম্বর ২০, ২০১৬ ১৯:৫৪ Asia/Dhaka
  • শফিউল ইসলাম ও মোশাররফ রুবেলের উচ্ছ্বাস
    শফিউল ইসলাম ও মোশাররফ রুবেলের উচ্ছ্বাস

মাহমুদুল্লাহ রিয়াদের লড়াকু ব্যাটিং আর শফিউল ইসলামের ক্যারিয়ার সেরা বোলিংয়ের সুবাদে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ২০তম ম্যাচে মুশফিকুর রহিমের বরিশাল বুলসকে ২২ রানে হারিয়েছে খুলনা টাইটান্স। এর ফলে ছয় ম্যাচে সর্বোচ্চ ১০ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠে এসেছে খুলনা। সমান ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের চার নম্বরে রইল বরিশাল।

আজ (রোববার) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দিনের একমাত্র ম্যাচে টসে জিতে খুলনাকে ব্যাটিংয়ে পাঠান বরিশালের অধিনায়ক মুশফিকুর রহিম। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৫১ রান সংগ্রহ করে খুলনা। ১৫২ রানের টার্গেটে খেলতে নেমে ১২৯ রানে অলআউট হয় বরিশাল।

প্রথমে ব্যাট করতে নেমে দলীয় ২২ রানে প্রথম উইকেট হারায় খুলনা। তাইজুলের বলে আউট হন ৪ রান করা আন্দ্রে ফ্লেচার। তাইজুলের দ্বিতীয় শিকার হাসানুজ্জামান। ব্যক্তিগত ১৯ রান করে আউট হন তিনি। এরপর ব্যাট হাতে ঝড় তোলেন অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ। তিনি ২৬ বলে ৪৪ রান করে তাইজুলের বলে আউট হন। ৩টি ছক্কা ও ২টি চারে সাজানো রিয়াদের ইনিংস। 

রিয়াদের পর দ্রুতই ফিরে যান শুভাগত হোম। রানের খাতা খোলার আগেই রান আউট হন তিনি। শেষদিকে রিকি ওয়েসেলস এবং আরিফুল হকের ব্যাটে ১৫২ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে খুলনা। রিকি ৪০ রান করে আউট হন। আরিফুল ২৬ রান করে অপরাজিত থাকেন। 

বরিশালের হয়ে তাইজুল ইসলাম নেন তিনটি উইকেট। এছাড়া পেরেরা, এমরিট ও রাইস নেন একটি করে উইকেট। ১৫২ রানের জয়ের লক্ষ্য ব্যাট করছে মুশফিকের বরিশাল।

১৫২ রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরু থেকেই উইকেট হারাতে থাকে বরিশাল বুলস। খুলনার বোলাররা আটোসাটো বোলিং করতে থাকেন। দলীয় ৮ রানে কোনো রান না করেই জুনায়েদ খানের বলে আউট হন ফজলে মাহমুদ। আগের ম্যাচে দারুণ খেলা জীবন মেন্ডিসও দ্রুতই ফিরে যান।

ব্যক্তিগত ২১ রানে শফিউলের বলে আউট হন তিনি। আর শামসুর রহমান ১৭ বল খেলে মাত্র ১২ রান করে মাহমুদুল্লাহ রিয়াদের বলে আউট হন। তবে শাহরিয়ার নাফিস এবং মুশফিকুর রহিম বরিশালকে জয়ের স্বপ্ন দেখান। কিন্তু নাফিস ২৮ এবং মুশফিক ৩৫ রান করে আউট হলে শেষ হযে যায় বরিশালের ইনিংস। শেষের ব্যাটসম্যানরা খুলনার বোলিংয়ের সামনে দাঁড়াতেই পারেনি।

শফিউল ইসলাম আজ ক্যারিয়ার সেরা বোলিং করেন। ১৭ রানে নেন ৪ উইকেট।  জুনাইদ খান আর মোশাররফ রুবেলের ঝুলিতে যায় দুটি করে উইকেট। অধিনায়ক রিয়াদ এবং কেভন কুপার সংগ্রহ করেন ১ টি করে উইকেট।#

পার্সটুডে/এআর/২০