রোহিঙ্গা নির্যাতন: জাতিসংঘের জোরালো ভূমিকা চাইল সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি
https://parstoday.ir/bn/news/bangladesh-i26407-রোহিঙ্গা_নির্যাতন_জাতিসংঘের_জোরালো_ভূমিকা_চাইল_সুপ্রিম_কোর্ট_আইনজীবী_সমিতি
মিয়ানমারের রোহিঙ্গা মুসলমানদের ওপর সে দেশের সেনাবাহিনীর নারকীয় হত্যাযজ্ঞের ঘটনায় জাতিসংঘসহ আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোকে জোরালো ভূমিকা রাখার জন্য আহ্বান জানিয়েছে বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি।
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
নভেম্বর ২২, ২০১৬ ১২:৪২ Asia/Dhaka
  • অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন
    অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন

মিয়ানমারের রোহিঙ্গা মুসলমানদের ওপর সে দেশের সেনাবাহিনীর নারকীয় হত্যাযজ্ঞের ঘটনায় জাতিসংঘসহ আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোকে জোরালো ভূমিকা রাখার জন্য আহ্বান জানিয়েছে বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি।

আজ (মঙ্গলবার) সুপ্রিম কোর্ট সমিতি মিলনায়তনে এক প্রেস ব্রিফিংয়ে এই দাবি জানান সভাপতি অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন।

তিনি বলেন, রোহিঙ্গাদের ওপর যে নির্যাতন চালানো হচ্ছে তা বিশ্ব বিবেককে নাড়া দেয়ার মতো যথেষ্ট। কিন্তু জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের ওই ঘটনার ব্যপারে জোরালো কোনো ভূমিকা দেখছি না।

আইনজীবী সমিতির সভাপতি বলেন, দলমত নির্বিশেষে বাংলাদেশের সকল নাগরিককে মিয়ানমারের নির্যাতিত সংখ্যালঘুদের পাশে দাঁড়ানো উচিত।

সংবাদ সম্মেলনে নারকীয় হত্যাযজ্ঞের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানোর পাশাপাশি নৃশংসতা বন্ধের আহ্বান জানিয়েছে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি। সংবাদ সম্মেলনে সমিতির সম্পাদক ব্যারিস্টার এম মাহবুদ্দিন খোকনসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।  

এদিকে, আজ জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করে মিয়ানমারের রোহিঙ্গাদের ওপর নিপীড়ন বন্ধের দাবি জানিয়েছে কয়েকটি ইসলামি সংগঠন। জীবন নিয়ে পালিয়ে আসা রোহিঙ্গাদের আশ্রয় দেয়ার জন্যও তারা সরকারকে অনুরোধ করেন। একইসঙ্গে আগামি শুক্রবার সারা দেশে বিক্ষোভ দিবস পালনেরও ঘোষণা দেয়া হয় এ মানববন্ধন থেকে। #

পার্সটুডে/আবদুর রহমান খান/আশরাফুর রহমান/২২