মির্জা ফখরুলসহ ৪৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র আমলে নিয়েছে আদালত
https://parstoday.ir/bn/news/bangladesh-i27043-মির্জা_ফখরুলসহ_৪৪_জনের_বিরুদ্ধে_অভিযোগপত্র_আমলে_নিয়েছে_আদালত
রাজধানীর পল্টন থানার বিস্ফোরক আইনের মামলায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ৪৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র আমলে নিয়েছে  ঢাকার মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লার আদালত।
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
নভেম্বর ২৯, ২০১৬ ১৭:৪৭ Asia/Dhaka
  • মির্জা ফখরুলসহ ৪৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র আমলে নিয়েছে আদালত

রাজধানীর পল্টন থানার বিস্ফোরক আইনের মামলায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ৪৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র আমলে নিয়েছে  ঢাকার মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লার আদালত।

আজ (মঙ্গলবার) আদালত এ অভিযোগপত্র আমলে নিয়ে  বিএনপি নেতা বরকত উল্লাহ বুলু, মীর সরাফত আলী সপু, ইকবাল হাসান মাহমুদ টুকুসহ ৩০ জন পলাতক আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। 

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ১৩ জন এ  মামলায় জামিনে রয়েছেন।

মামলার এজাহার থেকে জানা যায়, ২০১৫ সালের জানুয়ারি মাসে হরতাল-অবরোধ চলাকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কার্যালয়ের সামনে গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ করে জনমনে আতঙ্ক সৃষ্টি করে দুর্বৃত্তরা। ওই ঘটনায় ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে মির্জা ফখরুল ইসলামসহ ৪৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে পুলিশ।

এদিকে, রাজধানীর বিভিন্ন থানায় দায়ের করা ৭টি মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেলকে ৬ মাসের অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেছে হাইকোর্ট।

মঙ্গলবার বিচারপতি এ কে এম আবদুল হাকিম ও বিচারপতি ভবানী প্রসাদ সিংহের হাইকোর্ট বেঞ্চ জামিনের এ আদেশ দেন।

সোহেলের আইনজীবী শিহাব উদ্দিন খান জানান, চলতি সপ্তাহে মোট ৩৩টি মামলায় সোহেলের জামিন হয়েছে। শতাধিক মামলায়  কারাগারে আটক  থাকায় তিনি এখনই মুক্তি পাচ্ছেন না।

এর আগে ৯ অক্টোবর নাশকতার ৪০টি মামলায় ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন সোহেল। আদালত জামিন আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

৪০টি মামলার মধ্যে রাজধানীর পল্টন থানায় ২২টি; মতিঝিল, যাত্রাবাড়ী ও মুগদা থানায় তিনটি করে নয়টি; খিলগাঁও, ওয়ারী ও দারুস সালাম থানায় দুটি করে ছয়টি এবং শাহবাগ, রমনা ও মোহাম্মদপুর থানার একটি করে তিনটি মামলা রয়েছে।

গত বছরের শুরুতে বিএনপির নেতৃত্বাধীন জোটের টানা অবরোধ ও হরতালের মধ্যে নাশকতার বিভিন্ন ঘটনায় পুলিশ এসব মামলা দায়ের করে।#

পার্সটুডে/আবদুর রহমান খান/আশরাফুর রহমান/২৯