মুক্তিপ্রাপ্ত ৯১ রোহিঙ্গাকে মিয়ানমারের কাছে হস্তান্তর করল বাংলাদেশ
https://parstoday.ir/bn/news/bangladesh-i27127-মুক্তিপ্রাপ্ত_৯১_রোহিঙ্গাকে_মিয়ানমারের_কাছে_হস্তান্তর_করল_বাংলাদেশ
বাংলাদেশে কারাভোগ করা ৯১ জন রোহিঙ্গাকে মিয়ানমারের কাছে হস্তান্তর করেছে বাংলাদেশ। আজ (বুধবার) স্থানীয় সময় ১২টার দিকে উখিয়ার ঘুমধুম সীমান্তে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড পুলিশ বা বিজিপি'র সঙ্গে বৈঠকের সময় তাদেরকে হস্তান্তর করে বর্ডার গার্ড বাংলাদেশ বা বিজিবি
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
নভেম্বর ৩০, ২০১৬ ১৪:১০ Asia/Dhaka
  • মুক্তিপ্রাপ্ত ৯১ রোহিঙ্গাকে মিয়ানমারের কাছে হস্তান্তর করল বাংলাদেশ

বাংলাদেশে কারাভোগ করা ৯১ জন রোহিঙ্গাকে মিয়ানমারের কাছে হস্তান্তর করেছে বাংলাদেশ। আজ (বুধবার) স্থানীয় সময় ১২টার দিকে উখিয়ার ঘুমধুম সীমান্তে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড পুলিশ বা বিজিপি'র সঙ্গে বৈঠকের সময় তাদেরকে হস্তান্তর করে বর্ডার গার্ড বাংলাদেশ বা বিজিবি

গত বছরের ডিসেম্বরে অবৈধভাবে বাংলাদেশের পানিসীমা অতিক্রম করে মাছ ধরার সময় তাদেরকে আটক করেছিল নৌবাহিনী। এক বছর কারাভোগের পর তারা মুক্তি পান। এরপরই বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি মিয়ানমারের বিজিপি'র কাছে তাদেরকে হস্তান্তরের উদ্যোগ নেয়।

আজকের পতাকা বৈঠকে উপস্থিত ছিলেন বিজিবি'র কক্সবাজার সেক্টরের ভারপ্রাপ্ত কমান্ডার কর্নেল আনিসুর রহমান, ৩৪ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইমরান উল্লাহ ও জেলা প্রশাসকের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমরুল কায়েস।

বৈঠকে দু’দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে মিয়ানমারে চলমান সহিংসতা ও রোহিঙ্গা অনুপ্রবেশ বন্ধসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়েছে বলে জানা যায়। মিয়ানমারের নিরাপত্তা বাহিনী বর্তমানে দেশটির রোহিঙ্গা মুসলমানদের বিরুদ্ধে ব্যাপক নির্যাতন ও হত্যাকাণ্ড চালাচ্ছে।#

পার্সটুডে/সোহেল আহম্মেদ/৩০