নাফ নদীতে রোহিঙ্গাবাহী নৌকাডুবি: নিহত ৩, নিখোঁজ ৩০
https://parstoday.ir/bn/news/bangladesh-i27523-নাফ_নদীতে_রোহিঙ্গাবাহী_নৌকাডুবি_নিহত_৩_নিখোঁজ_৩০
মিয়ানমারের রাখাইন প্রদেশে থেকে বাংলাদেশে পালিয়ে আসার সময় নাফ নদীতে রোহিঙ্গা মুসলমানদের বহনকারী নৌকাডুবির ফলে তিনজন নিহত হয়েছে। এক নারীসহ দুইজনকে উদ্ধার করা গেলেও অন্তত ৩০ জন রোহিঙ্গা নিখোঁজ রয়েছেন।
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
ডিসেম্বর ০৫, ২০১৬ ১২:৩১ Asia/Dhaka
  • নাফ নদী থেকে সাঁতরে বাংলাদেশে আসা এক রোহিঙ্গা নারী
    নাফ নদী থেকে সাঁতরে বাংলাদেশে আসা এক রোহিঙ্গা নারী

মিয়ানমারের রাখাইন প্রদেশে থেকে বাংলাদেশে পালিয়ে আসার সময় নাফ নদীতে রোহিঙ্গা মুসলমানদের বহনকারী নৌকাডুবির ফলে তিনজন নিহত হয়েছে। এক নারীসহ দুইজনকে উদ্ধার করা গেলেও অন্তত ৩০ জন রোহিঙ্গা নিখোঁজ রয়েছেন।

আজ (সোমবার) সকালে বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের নাফ নদীর টেকনাফের নীলা ইউনিয়নের জাদীমুরার বিপরীতে মিয়ানমারের অভ্যন্তরে এ ঘটনা ঘটে।

স্থানীয় ইউপি চেয়ারম্যান এইচ কে আনোয়ার জানান, সোমবার সকালে নৌকাডুবির খবর পেয়েছি। এলাকার জেলেরা যে দু'জনকে উদ্ধার করেছে তাদের বিজিবি নিয়ে গেছে।

উদ্ধার হওয়া নারীর নাম রেহেনা আকতার (২৫)। তিনি রাখাইনের মংডু থানার বড় গওজবিল এলাকার মৌলভী সলিমের স্ত্রী।

রেহেনা জানান, মিয়ানমারের সেনাবাহিনী, পুলিশ ও মগদের হাতে নির্যাতনের শিকার মংডুর বিভিন্ন গ্রামের ৩০-৩২ জন নারী-পুরুষ ও শিশু বাংলাদেশে আশ্রয় নিতে আসছিলেন। একটি নৌকায় করে রাতে নাফ নদী পার হতে গিয়ে হঠাৎ নৌকাটি ডুবে যায়। তাদের আর্তচিৎকারে জেলেরা এসে কয়েকজনকে উদ্ধার করে। তবে বাকিরা কে কোথায় গেছে, কিছুই বলা যাচ্ছে না। নৌকায় তার মা, ভাবী এবং ভাইয়ের দুই শিশু সন্তান ছিল। প্রাণ বাঁচাতে এসে নদীতে তারা নিখোঁজ হয়েছেন বলে কান্নাজড়িত কণ্ঠে রেহেনা জানান। 

উদ্ধারে নেতৃত্ব দেয়া হ্নীলা নাটমুরা পাড়ার জেলে পল্লীর বাসিন্দা আশিষ ও সুমন্ত্র দাশ জানান, নদীর মাঝ পথ থেকে হঠাৎ নারী-শিশুর কান্নার আওয়াজ পেয়ে সেদিকে যাই আমরা। রাতের আবছা আঁধারে তেমন কিছুই দেখতে পায়নি। সামনে একজনকে পেয়ে নৌকায় তুলে নিয়েছিলাম। বাকিদের অনেক চেষ্টা করেও উদ্ধার করতে পারিনি। মিয়ানমারের বিজিপির ভয় থাকায় বেশি খোঁজ করাও সম্ভব হয়নি। সকালে তারা নাফ নদীতে তিনটি মরদেহ ভাসতে দেখেছেন বলে জানিয়েছেন।  

ছোট নৌকাতে অতিরিক্ত যাত্রী বোঝাই করায় এ নৌকাডুবির ঘটনা ঘটেছে বলে তারা মনে করছেন। 

টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল মজিদ জানান, খবর পেয়ে হ্নীলা এলাকায় পুলিশ ফোর্স পাঠানো হয়েছে।

টেকনাফে মোতায়েন ৩ বিজিবি সদস্য

রোহিঙ্গাবাহী চারটি নৌকা ফেরত পাঠাল বিজিবি

এদিকে, কক্সবাজারের টেকনাফের নাফ নদী দিয়ে অনুপ্রবেশের সময় মিয়ানমারের রোহিঙ্গাবোঝাই চারটি নৌকাকে ফেরত পাঠিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।  

টেকনাফ-২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আবু জার আল জাহিদ বলেন,  গতকাল রোববার রাত ১০টার থেকে আজ সোমবার সকাল ছয়টার মধ্যে রোহিঙ্গাবোঝাই নৌকা চারটি নাফ নদীর তিনটি পয়েন্ট দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করে। বিজিবির বাধা পেয়ে নৌকাগুলো মিয়ানমারের দিকে ফিরে যায়। প্রতিটি নৌকায় ১২ থেকে ১৫ জনের মতো শিশু, নারী ও পুরুষ ছিল। #

পার্সটুডে/ আশরাফুর রহমান/৫