আগামী নির্বাচনেও জনগণ আওয়ামী লীগকেই ভোট দেবে: প্রধানমন্ত্রী
https://parstoday.ir/bn/news/bangladesh-i28534-আগামী_নির্বাচনেও_জনগণ_আওয়ামী_লীগকেই_ভোট_দেবে_প্রধানমন্ত্রী
তৃতীয় শক্তির আশীর্বাদে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন না দেখে গণতন্ত্রের চর্চা করার জন্য বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। খালেদা জিয়াকে মানুষের জন্য কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেছেন, 'উনি (খালেদা জিয়া) চান দেশে এমন একটি শক্তি আসুক যারা নাগর দোলায় দুলিয়ে উনাকে ক্ষমতায় বসিয়ে দেবে। কিন্তু ওই নাগর দোলা আর দুলবে না।'
(last modified 2026-06-24T09:59:37+00:00 )
ডিসেম্বর ১৮, ২০১৬ ০৩:৫০ Asia/Dhaka
  • প্রধানমন্ত্রী শেখ হাসিনা (ফাইল ছবি)
    প্রধানমন্ত্রী শেখ হাসিনা (ফাইল ছবি)

তৃতীয় শক্তির আশীর্বাদে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন না দেখে গণতন্ত্রের চর্চা করার জন্য বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। খালেদা জিয়াকে মানুষের জন্য কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেছেন, 'উনি (খালেদা জিয়া) চান দেশে এমন একটি শক্তি আসুক যারা নাগর দোলায় দুলিয়ে উনাকে ক্ষমতায় বসিয়ে দেবে। কিন্তু ওই নাগর দোলা আর দুলবে না।'

শনিবার রাজধানীর কৃষিবিদ ইন্সটিটিউশনে আওয়ামী লীগ আয়োজিত বিজয় দিবসের আলোচনা সভায় সভাপতির বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। তিনি বলেন, বিএনপি ক্ষমতায় থাকতে দেশের মানুষের ওপর যে অত্যাচার-নির্যাতন করেছে, যেভাবে মানুষ মেরেছে, যেভাবে লুটপাট করেছে তাতে জনগণ আর তাদের ক্ষমতায় আনবে না। আগামী নির্বাচনেও জনগণ আওয়ামী লীগকেই ভোট দেবে।

এসময় শেখ হাসিনা বলেন, ১৯৭৫ সালে বঙ্গবন্ধুকে হত্যার পর স্বাধীন বাংলাদেশে ইতিহাস বিকৃতি শুরু হয়। বিএনপি-জামায়াত যতদিন ক্ষমতায় ছিল ততদিন ইতিহাস বিকৃতি অব্যাহত থাকে। তিনি বলেন, এতো ইতিহাস বিকৃতির ঘটনা পৃথিবীর কোনো দেশে ঘটেনি। বিএনপি-জামায়াত ক্ষমতায় থাকাকালে ইতিহাস বিকৃতির কারণে এ দেশের তরুণ সমাজ মুক্তিযুদ্ধের আসল ইতিহাস জানা থেকে বঞ্চিত হয়েছে।

তিনি বলেন, যারা ৩০ লাখ শহীদের রক্তে রঞ্জিত পতাকা রাজাকারদের গাড়িতে লাগিয়েছে, তারা এখন কী করে গণতন্ত্রের কথা বলেন? যারা অবৈধভাবে ক্ষমতা দখল করে, তারা কীভাবে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী হয়!

নির্বাচন কমিশন পুনর্গঠন প্রশ্নে প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, বিএনপি তাদের প্রস্তাব রাষ্ট্রপতির কাছে পাঠিয়েছে। রাষ্ট্রপতি আলোচনার জন্য তাদের ডেকেছেন। সব দলের সঙ্গে আলোচনা করে রাষ্ট্রপতিই সিদ্ধান্ত নেবেন। আর আওয়ামী লীগের আস্থা ও বিশ্বাস জনগণের ওপর আছে। আওয়ামী লীগ জনগণের উন্নয়ন ও কল্যাণে কাজ করেছে। কাজেই জনগণ আবারও আওয়ামী লীগকেই ক্ষমতায় আনবে বলে তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/১৮