এই পুরস্কার আমাকে সামনে আরও ভালো করতে উৎসাহ জোগাবে: মোস্তাফিজ
https://parstoday.ir/bn/news/bangladesh-i28888-এই_পুরস্কার_আমাকে_সামনে_আরও_ভালো_করতে_উৎসাহ_জোগাবে_মোস্তাফিজ
২০১৫-১৬ মৌসুমে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল বা আইসিসির বর্ষসেরা উদীয়মান ক্রিকেটারের পুরস্কার পেয়েছেন বাংলাদেশের তরুণ বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমান। বাংলাদেশের হয়েই এই প্রথম কোনো ক্রিকেটার আইসিসির একটি বর্ষসেরা পুরস্কার জিতলেন।
(last modified 2026-05-09T13:18:37+00:00 )
ডিসেম্বর ২২, ২০১৬ ১২:৪২ Asia/Dhaka
  • আইসিসির বর্ষসেরা উদীয়মান ক্রিকেটার মোস্তাফিজুর রহমান
    আইসিসির বর্ষসেরা উদীয়মান ক্রিকেটার মোস্তাফিজুর রহমান

২০১৫-১৬ মৌসুমে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল বা আইসিসির বর্ষসেরা উদীয়মান ক্রিকেটারের পুরস্কার পেয়েছেন বাংলাদেশের তরুণ বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমান। বাংলাদেশের হয়েই এই প্রথম কোনো ক্রিকেটার আইসিসির একটি বর্ষসেরা পুরস্কার জিতলেন।

নিউজিল্যান্ড সফররত মোস্তাফিজ এই সাফল্যের খবরে প্রতিক্রিয়া জানিয়ে বলেছেন, ‘প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে এই পুরস্কার জিতে আমি গর্বিত ও আনন্দিত। আন্তর্জাতিক ক্রিকেট খেলাটা তরুণ ক্রিকেটারদের জন্য বিরাট স্বপ্ন। এটি আমার জন্যও স্বপ্ন পূরণ হওয়ার মতো ব্যাপার। আমাকে যারা সহায়তা করেছেন, উৎসাহ দিয়েছেন তাদের সবার প্রতি আমি কৃতজ্ঞ। এই পুরস্কার আমাকে সামনে আরও ভালো করতে উৎসাহ জোগাবে।’ 

২০১৫-১৬ মৌসুমে মাত্র ৩টি ওয়ানডে খেলেছেন কাটার মাস্টার হিসেবে পরিচিত মোস্তাফিজুর রহমান। এই তিন ওয়ানডেতে তাঁর উইকেট সংখ্যা ৮। টি-টোয়েন্টিতে তিনি নিজেকে নিয়ে গেছেন অন্য উচ্চতায়। ১০টি আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তাঁর উইকেট ১৯টি। 

আইসিসির বর্ষসেরা ক্রিকেটারদের তালিকা

১৪ সেপ্টেম্বর ২০১৫ থেকে ২০ সেপ্টেম্বর ২০১৬ পর্যন্ত আইসিসির পূর্ণ সদস্য দেশগুলোর সাংবাদিকদের ভোটে নির্ধারিত হয়েছে এবারের বর্ষসেরার তালিকা। এতে ভারতের স্পিন-অলরাউন্ডার রবিচন্দ্রন অশ্বিন একসঙ্গে জিতেছেন- আইসিসি’র বর্ষসেরা ক্রিকেটার ও বর্ষসেরা টেস্ট ক্রিকেটারের পুরস্কার। শচীন টেন্ডুলকার ও রাহুল দ্রাবিড়ের পর ভারতের তৃতীয় খেলোয়াড় হিসেবে বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার পেলেন অশ্বিন। 

এছাড়া, দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যান কুইন্টন ডি কক বর্ষসেরা ওয়ানডে খেলোয়াড় নির্বাচিত হয়েছেন। আর ওয়েস্ট ইন্ডিজের টি-টোয়েন্টি দলের অধিনায়ক কার্লোস ব্রেথওয়েট বর্ষসেরা টি-টোয়েন্টি পারফর্মারের পুরস্কার জিতেছেন। ‘স্পিরিট অব ক্রিকেট’ পুরস্কার পেয়েছেন পাকিস্তানের অধিনায়ক মিসবাহ-উল-হক। 

আর আইসিসি’র সহযোগী দেশগুলোর মধ্যে বর্ষসেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন আফগানিস্তানের উইকেটরক্ষক-ব্যাটসম্যান মোহাম্মদ শাহজাদ।

অন্যদিকে, দক্ষিণ আফ্রিকান আম্পায়ার মারাইস ইরাসমাস বর্ষসেরা আম্পায়ার নির্বাচিত হয়েছে। টানা তিন বছর এ পুরস্কারটি ছিল ইংলিশ আম্পায়ার রিচার্ড ক্যাটলবরোর অধিকারে।#

পার্সটুডে/এআর/২২