সার্চ কমিটি গঠনের নামে ফার্চ কমিটি হয়েছে, বিএনপি হতাশ: দুদু
-
বক্তৃতা করছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু
নির্বাচন কমিশন পুনর্গঠনে বাংলাদেশের প্রেসিডেন্ট আবদুল হামিদের করা সার্চ কমিটি নিয়ে তীব্র ক্ষোভ জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। তিনি বলেন, "প্রেসিডেন্টের সার্চ কমিটি গঠনের উদ্যোগে জাতি আশাবাদী হয়েছিল। কিন্তু গতকাল (বুধবার) ঘোষিত সার্চ কমিটির মধ্য দিয়ে প্রমাণিত হয়েছে, সরকার আবারও ৫ জানুয়ারি মার্কা নির্বাচন করতে চায়। সার্চ কমিটির নামে ফার্চ কমিটি (প্রহসনের কমিটি) করা হয়েছে। এই কমিটি ভালো কিছু দিতে পারবে না।"
আজ (বৃহস্পতিবার) দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ ইয়ুথ ফোরাম আয়োজিত মানববন্ধনে দুদু এসব কথা বলেন। তিনি আরও বলেন, এই কমিটির কাছ থেকে আমরা ভালো কিছু আশা করতে পারি না। এই কমিটি নিয়ে বিএনপি হতাশ ও ক্ষুব্ধ।
শামসুজ্জামান দুদু বলেন, এ ধরনের সার্চ কমিটি দেয়ায় শেখ হাসিনার প্রতি যতটুকু আস্থা ছিল, আওয়ামী লীগের প্রতি যতটুকু বিশ্বাস ছিল তাও নষ্ট হয়ে গেছে। তবে আমরা গণতন্ত্রে বিশ্বাস করি বলেই আশা করি, এই খারাপের মধ্য দিয়ে ভালো কিছু হবে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে তিনি বলেন, "৫ জানুয়ারি মার্কা আরেকটি নির্বাচনের স্বপ্ন দেখবেন না। তাহলে সেই স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত। কারণ এই দেশ আন্দোলন সংগ্রামের দেশ। এই দেশ আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে গণতন্ত্রের প্রত্যাশায় নানা পর্যায় অতিক্রম করে আজকের অবস্থানে এসেছে। যারা গণতন্ত্রের বিরুদ্ধে অবস্থান নেয়, তারা ক্ষমতায় থাকতে পারে না, এটা প্রমাণিত।"
এ সময়, বিএনপি নেতাকর্মীরা প্রতিনিয়ত নির্যাতন, নিপীড়ন আর মামলা হয়রানির শিকার হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, স্বাধীনতার ৪৫ বছর পরে এসেও দেশে স্বচ্ছ নির্বাচন দাবি করা হলে বিএনপি নেত্রী খালেদা জিয়াসহ নেতা কর্মীদের বিরুদ্ধে মামলা হচ্ছে, জেলে যেতে হচ্ছে।
'সার্চ কমিটিতে অযোগ্য ও বিতর্কিত লোক রয়েছে'
এদিকে, বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান সার্চ কমিটির সমালোচনা করে বলেছেন, ‘রকিব কমিশনের মতো এ রকম একটি অযোগ্য, অপদার্থ, মেরুদণ্ডহীন কমিশনের প্রস্তাব করেছিলেন, তাকে আবারও চেয়ারম্যান করা হয়েছে। এখানে এমন মানুষকেও সদস্য করা হয়েছে যিনি ৫ জানুয়ারির মতো একটি বিতর্কিত, অগ্রহণযোগ্য নির্বাচনের সময় নির্বাচন কমিশনের সচিব ছিলেন।’
সাবেক প্রেসিডেন্ট মরহুম জিয়াউর রহমান এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের মিলাদ মাহফিলের আগে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নজরুল ইসলাম খান আরো অভিযোগ করেন, ‘সরকারি সুবিধাভোগীদের রেখে সার্চ কমিটিকে শুধু প্রশ্নবিদ্ধ করাই নয়, কমিটিতে অনেক বিতর্কিত লোকও রয়েছে। যেসব লোকদের দিয়ে এই কমিটি গঠন করা হয়েছে, যারা কোনো না কোনোভাবে সরকারি দলের সঙ্গে যুক্ত, সবাই না, কিন্তু প্রায় সবাই। তাদের কাছ থেকে নিরপেক্ষ শক্তিশালী এবং সরকারের অনুগত হবে না- এমন নির্বাচন কমিশন আশা করা কঠিন হয়ে গেছে। প্রায় অসম্ভব হয়ে পড়েছে।’
এদিকে, নির্বাচন কমিশন গঠনে করা ৬ সদস্যের সার্চ কমিটি নিয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাবে বিএনপি। আগামীকাল (শুক্রবার) সকাল ১০ টায় রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে দলের অবস্থান তুলে ধরবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।#