জালিয়াতির জন্য আগামী নির্বাচনে ই-ভোটিং চালু করতে চান প্রধানমন্ত্রী: রিজভী
-
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী
জালিয়াতির জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী নির্বাচনে ইলেক্ট্রনিক ভোটিং পদ্ধতি (ই-ভোটিং) চালু করতে চাইছেন বলে অভিযোগ করেছে বিএনপি। আজ (বৃহ্স্পতিবার) দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এ অভিযোগ করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
তিনি আরও বলেন, জনগণের দৃষ্টিকে সিইসি থেকে অন্যত্র সরাতে ই-ভোটিং ব্যবস্থার আরেকটি ম্যাজিক জনগণের সামনে প্রদর্শন করছে। প্রধানমন্ত্রীর নিরপেক্ষ নির্বাচনের জন্য ই-ভোটিং চালু করার ঘোষণা জনগণকে আরেকটি তামাশার বায়োস্কোপ দেখানো ছাড়া অন্য কিছু নয়।
রিজভী বলেন, এই যে ই-ভোটিংয়ের কথা বলছেন প্রধানমন্ত্রী, এর সার্ভার থাকবে সরকারের নিয়ন্ত্রণে। সুতরাং সরকারের জন্য ভোট ম্যানিপুলেট করা খুবই সহজ হবে। জনগণের ভোটকে স্বীয় উদ্দেশ্যে সাধনে জালিয়াতি করার প্রচেষ্টামাত্র এটি।
তিনি আরও বলেন, সরকার পছন্দের নির্বাচন কমিশন বসিয়ে নির্বাচনে জয়ী হওয়ার ষড়যন্ত্র শুরু করেছে। ভোটারবিহীন নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসা আওয়ামী লীগ জনগণের ওপর আস্থা রাখতে পারছে না। তাই ষড়যন্ত্র ও কারসাজির মাধ্যমে ক্ষমতায় টিকে থাকার চেষ্টা করছে।
এ সময়, আগামী জাতীয় সংসদ নির্বাচনে জনগণ সরকারের সব ষড়যন্ত্র রুখে দেবে বলে হুঁশিয়ার করে দেন রিজভী।
এদিকে, বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, দেশের জনগণের ভোটাধিকার, গণতন্ত্র ও গ্রহণযোগ্য নির্বাচনের ব্যবস্থার জন্য বিএনপি আন্দোলন করছে। প্রয়োজনে বিএনপি রাস্তায় নামবে বলে সরকারের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি।
আজ (বৃহস্পতিবার) সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে রিজভী এ হুশিয়ারি উচ্চারণ করেন। 'জাতীয়তাবাদী দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন' এ মানববন্ধন কর্মসূচি আয়োজন করে।
খালেদা জিয়াকে জেলে রেখে যারা নির্বাচনের কথা ভাবছেন তারা বোকার স্বর্গে বাস করছেন, এমন মন্তব্য করে দুদু বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভালো রেফারি নন আর তার অধীনে কোনও নির্বাচন সুষ্ঠু হতে পারে না।
প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে তিনি বলেন, আপনি আপনার দল ও নৌকা প্রতীক ছাড়া কিছুই দেখেন না। এ কারণে সুষ্ঠু নির্বাচনের স্বার্থে নির্বাচনকালীন সহায়ক সরকার প্রয়োজন। আর এর ফর্মুলা কেমন হবে, আপনি উদ্যোগ নিলে দেশের রাজনীতিবিদ ও বুদ্ধিজীবীরা আপনাকে সহযোগিতা করবে।#
পার্সটুডে/শামস মণ্ডল/আশরাফুর রহমান/১৬