গাসের দাম বাড়ানোর সিদ্ধান্ত অনৈতিক, অযৌক্তিক ও গণবিরোধী: মির্জা ফখরুল
https://parstoday.ir/bn/news/bangladesh-i33472-গাসের_দাম_বাড়ানোর_সিদ্ধান্ত_অনৈতিক_অযৌক্তিক_ও_গণবিরোধী_মির্জা_ফখরুল
বাংলাদেশে এক বছরের ব্যবধানে আবারো গ্যাসের দাম বাড়ানোর সিদ্ধান্তকে ‘অনৈতিক, অযৌক্তিক ও গণবিরোধী’ আখ্যা দিয়ে এ সিদ্ধান্ত থেকে সরে আসতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে বিএনপি। বৃহস্পতিবার রাত ৮টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
ফেব্রুয়ারি ২৪, ২০১৭ ০৮:০৫ Asia/Dhaka
  • সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর
    সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

বাংলাদেশে এক বছরের ব্যবধানে আবারো গ্যাসের দাম বাড়ানোর সিদ্ধান্তকে ‘অনৈতিক, অযৌক্তিক ও গণবিরোধী’ আখ্যা দিয়ে এ সিদ্ধান্ত থেকে সরে আসতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে বিএনপি। বৃহস্পতিবার রাত ৮টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এর আগে গতকাল বিকেল সাড়ে চারটায় বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)এক সংবাদ সম্মেলনে গ্যাসের দাম দুই দফায় গড়ে ২২.৭ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত ঘোষণা করেছে।

সরকারের এ সিদ্ধান্তের সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, ‘জনগণকে জিম্মি করে রাজস্ব আয় বাড়ানোর লক্ষ্যে সরকারের নেয়া এ সিদ্ধান্ত অনৈতিক, অযৌক্তিক ও গণবিরোধী। দেশের জনগণ সরকারের এ গণবিরোধী সিদ্ধান্ত কিছুতেই মেনে নেবে না। আমরা অবিলম্বে এ সিদ্ধান্ত বাতিলের দাবি জানাচ্ছি।’

গ্যাসের মূল্যবৃদ্ধির ফলে দেশের সাধারণ মানুষ নানামুখী সমস্যায় পড়বে উল্লেখ করে তিনি বলেন, এতে উৎপাদন খরচ বাড়বে, বেড়ে যাবে জীবনযাত্রার খরচ, গণপরিবহন ভাড়া। উচ্চমূল্যে গ্যাসের দাম পরিশোধ করতে গিয়ে বন্ধ হয়ে যেতে পারে শিল্প-কারখানা।
 
তিনি বলেন, সরকারের এ গণবিরোধী সিদ্ধান্ত বাস্তবায়ন হলে শিল্পখাত দারুণভাবে ধাক্কা খাবে। আমাদের গার্মেন্ট খাত ভারত ও চীনের সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকতে পারবে না। লাখ লাখ শ্রমিক বেকার হয়ে পড়বে। যার নেতিবাচক প্রভাব শিল্পখাতের অর্থনৈতিক নিরাপত্তা বিঘ্নিত হতে বাধ্য। সুতরাং, এই মুহূর্তে গ্যাসের দাম বাড়ানো যাবে না।
 
দাম বাড়ানোর পরিবর্তে গ্যাসের সিস্টেম লস কমানো ও অপচয় রোধের দিক নজর দেয়ার আহ্বান জানিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘জাইকার রিপোর্ট অনুযায়ী প্রতিটন সার উৎপাদনে গ্যাস খরচ হওয়ার কথা ২৫ হাজার ঘনফুট। আমাদের দেশে বেসরকারি খাতে প্রতি টন সার উৎপাদনে গ্যাস খরচ হয় ৪০ হাজার ঘনফুট। অন্যদিকে সরকারি খাতে প্রতি টন সার উৎপাদনে গ্যাস খরচ হয় ৪০/৫০ হাজার ঘনফুট গ্যাস। এই বল্গাহীন অপচয় রোধ না করে দফায় দফায় গ্যাসের দাম বাড়িয়ে সাধারণ মানুষের ঘাড়ে খরচের বোঝা চাপিয়ে দেয়া নিঃসন্দেহে গণবিরোধী সিদ্ধান্ত। সরকারের এ সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহার করতে হবে।’

বিএনপি মহাসচিব অভিযোগ করেন, এলপিজি গ্যাসের সঙ্গে সমতা আনার লক্ষ্যে তথাকথিত গ্যাসের মূল্য বৃদ্ধির প্রস্তাব করা হয়েছে। এতে এলপিজির বাজার তৈরি হবে। ফলে সরকারের ঘনিষ্ঠ কিছু ব্যবসায়ী লাভবান হবে। আবারও গ্যাসের দাম বৃদ্ধির ফলে প্রতিযোগিতাহীন বাজারে কিছু মুখচেনা ব্যক্তি অর্জিত মুনাফা গুনবে আর জনগণ শোষিত হবে।

মির্জা ফখরুল বলেন, সরকার ঘনিষ্ঠ কয়েকটি ব্যবসায়ী শ্রেণিকে অতিরিক্ত মুনাফা পাইয়ে দিতেই আবারও গ্যাসের মূল্য বৃদ্ধি করার আয়োজন করেছে।

গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে বিএনপি কোনো কর্মসূচি দেবে কিনা জানতে চাইলে বিএনপি মহাসচিব জানান, পরে জানানো হবে।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন চেয়ারপারসনের উপদেষ্টা আ ন হ আখতার হোসেন ও ইসমাইল জবিউল্লাহ।#

পার্সটুডে/এআর/২৪