জবাবদিহিতা না থাকায় গ্যাসের দাম বাড়ানোসহ গণবিরোধী নানা সিদ্ধান্ত: বিএনপি
-
অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখছেন মির্জা ফখরুল ইসলাম
জবাবদিহিতা না থাকাতেই সরকার গ্যাসের দাম বাড়ানোসহ একের পর এক গণবিরোধী নানা সিদ্ধান্ত নিচ্ছে বলে মনে করে বিএনপি।
আজ (বৃহস্পতিবার) সকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন চত্বরে গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে অবস্থান কর্মসূচিতে অংশ নিয়ে এমন মত দেন দলটির নেতারা। তারা বলেন, দেশে এমন কিছু হয়নি যে গ্যাসের দাম বাড়াতে হবে। গ্যাসের দাম কোনোভাবেই বাড়ানো যাবে না। গ্যাসের দাম কমানোর দাবিও জানান বিএনপি নেতারা।
গ্যাসের মূল্যবৃদ্ধির সমালোচনা করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সরকার গণবিরোধী ও অযৌক্তিক সিদ্ধান্ত নিয়েছে। গ্যাস কোম্পানিগুলো এ থেকে ব্যবসা করছে। এই সরকারকে জনগণের কাছে কোনো জবাব দিতে হয় না। তাই তারা এই অগণতান্ত্রিক সিদ্ধান্তগুলো নিচ্ছে।
তিনি আরও বলেন, বর্তমান সরকার জনগণের সরকার নয়। তাই নতজানু হয়ে তারা বিভিন্ন চুক্তি করছে। এগুলো বাংলাদেশের মানুষের পক্ষে না, বিপক্ষে যাচ্ছে।
আগামী নির্বাচন প্রসঙ্গেও কথা বলেন বিএনপি মহাসচিব। তিনি বলেন, বিএনপি ও খালেদা জিয়াকে বাদ দিয়ে কোনোভাবেই নির্বাচন এ দেশের মানুষের কাছে গ্রহণযোগ্য হবে না। জনগণ তা প্রতিহত করবে। আমরা শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে নিরপেক্ষ, নির্দলীয় সরকারের অধীনে গ্রহণযোগ্য নির্বাচনের জন্য এই সরকারকে বাধ্য করব। শান্তিপূর্ণ এ আন্দোলনে জেগে উঠে দেশবাসীকে অংশ নেয়ার আহ্বানও জানান মির্জা ফখরুল।#
পার্সটুডে/শামস মণ্ডল/আশরাফুর রহমান/২