৭ এপ্রিল ৪ দিনের সফরে ভারত যাচ্ছেন শেখ হাসিনা
-
নরেন্দ্র মোদি ও শেখ হাসিনা (ফাইল ফটো)
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ৭ এপ্রিল চার দিনের সরকারি সফরে দিল্লি যাচ্ছেন। আজ (মঙ্গলবার) দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এক যৌথ বিবৃতিতে শেখ হাসিনার দিল্লি সফরের সময়সূচি ঘোষণা করেছে।
বিবৃতিতে বলা হয়েছে, আগামী ৭ থেকে ১০ এপ্রিল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে শেখ হাসিনার ভারত সফর অনুষ্ঠিত হবে। ৮ এপ্রিল দুই প্রতিবেশী দেশের প্রধানমন্ত্রী শীর্ষ বৈঠকে মিলিত হবেন।
এক যৌথ বিবৃতিতে বলা হয়, “আসন্ন এই সফরের মধ্যে দিয়ে দুই দেশের উষ্ণ এবং সহযোগিতাপূর্ণ সম্পর্কের আরও অগ্রগতি হবে, বন্ধুত্বের বন্ধন দৃঢ় হবে এবং দুই নেতার মধ্যে আস্থার সম্পর্ক গড়ে উঠবে।”
প্রায় ৭ বছর আগে ২০১০ সালে সর্বশেষ দ্বিপক্ষীয় সফরে দিল্লি গিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার এবারের সফর গত বছরের ডিসেম্বরে হওয়ার কথা থাকলেও তা ঝুলে গিয়েছিল। এরপর ভারতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী এম জে আকবরের ঢাকা সফরের সময় চলতি বছরের ফেব্রুয়ারির শুরুতে ওই সফরের ইঙ্গিত দেয়া হলেও তা হয়নি।
এরপর গত ফেব্রুয়ারিতে ঢাকায় এসে শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করে সফরের সময় চূড়ান্ত করেন ভারতের পররাষ্ট্র সচিব এস জয়শঙ্কর।
২৩ ফেব্রুয়ারি শেখ হাসিনার সঙ্গে জয়শঙ্করের বৈঠকের পর প্রধানমন্ত্রীর উপ প্রেসসচিব এম নজরুল ইসলাম এপ্রিলের প্রথমার্ধ্বে প্রধানমন্ত্রীর ভারত সফরে যাওয়ার কথা জানিয়েছিলেন।#
পার্সটুডে/আশরাফুর রহমান/১৪