১০ মে খালেদা জিয়া বিএনপির 'ভিশন ২০৩০' ঘোষণা করবেন: মির্জা ফখরুল
https://parstoday.ir/bn/news/bangladesh-i37370-১০_মে_খালেদা_জিয়া_বিএনপির_'ভিশন_২০৩০'_ঘোষণা_করবেন_মির্জা_ফখরুল
আগামী ১০ মে ভিশন ২০৩০ সম্পর্কে বিস্তারিত তুলে ধরবে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সংবাদ সম্মেলনের মাধ্যমে এ প্রস্তাবনা তুলে ধরবেন তিনি।
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
মে ০৫, ২০১৭ ১৩:০৮ Asia/Dhaka
  • মির্জা ফখরুল ইসলাম আলমগীর
    মির্জা ফখরুল ইসলাম আলমগীর

আগামী ১০ মে ভিশন ২০৩০ সম্পর্কে বিস্তারিত তুলে ধরবে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সংবাদ সম্মেলনের মাধ্যমে এ প্রস্তাবনা তুলে ধরবেন তিনি।

আজ (শুক্রবার) রাজধানীর স্কয়ার হাসপাতালে বিএনপির প্রয়াত মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের স্ত্রী সাহেরা হোসেনকে দেখতে গিয়ে সাংবাদিকদের এ তথ্য জানান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি জানান, ভিশন ২০৩০ এ কী কী থাকবে, বিএনপি আগামীতে ক্ষমতায় গেলে কী কাজ করবে, দেশকে কীভাবে উন্নত করবে, তাদের স্বপ্ন কী, সেগুলোই খালেদা জিয়া তুলে ধরবেন। এজন্য দলের চেয়াপারসন একটি প্রেস কনফারেন্স করবেন। এটা এখনও আমরা নিশ্চিত নই, স্থান নির্ধারণের ওপর এটা নির্ভর করবে। তবে খুব শিগগিরই এটা হবে। এতে ভিশন ২০৩০ সম্পর্কে বিস্তারিত জানানো হবে। এটার সঙ্গে নির্বাচনী ইশতেহার ও  নির্বাচন সহায়ক সরকারের রূপরেখার সম্পর্ক নেই।

বিচার বিভাগের ওপর সরকারের প্রভাব সম্পর্কে এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, আমরা বরাবরই বলে আসছি, যে দেশে গণতন্ত্র থাকে না, সেই দেশে এই ধরণের প্রতিষ্ঠানগুলো কাজ করতে পারে না। দুঃখজনকভাবে অনেকে সেটা বুঝতে পারেননি। যখন প্রধান বিচারপতি নিজেই বলছেন, তখন জাতির সামনে এটা পরিষ্কার হয়ে গেছে। এই দেশে এখন কোনও গণতন্ত্র নেই, বিচার বিভাগ স্বাধীন ভূমিকা পালন করতে পারছে না। সরকার বিরোধী মত বা ভিন্ন মত দমনে একেবারে একনায়কতন্ত্রের মতো আচরণ করছে।

শামসুজ্জামান দুদু

এদিকে, বাংলাদেশের মাটিতে গণতন্ত্র থাকলে অল্পদিনের মধ্যেই বিএনপি ক্ষমতায় আসবে বলে মন্তব্য করেছেন দলটির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।

আজ (শুক্রবার) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি আয়োজিত নাসিরউদ্দিন পিন্টুর স্মরণ সভায় এ মন্তব্য করেন তিনি।

দুদু বলেন, গণতন্ত্রের জোরেই কিছুদিন পরে বিএনপি ক্ষমতায় আসবে। ক্ষমতায় এসেই গুম হ্ওয়া নেতাকর্মী এবং পিন্টুর মৃত্যুর বিচার চাইব। আওয়ামী লীগকে হিসাব দিতে হবে ইলিয়াস আলী, চৌধুরী আলম কোথায়? কীভাবে নাসির উদ্দিন পিন্টুর মৃত্যু হয়েছে। সব গুম খুনের বিচার করা হবে বলেও জানান তিনি।#

পার্সটুডে/শামস মণ্ডল/আশরাফুর রহমান/৫