নিউজিল্যান্ডকে হারিয়ে প্রথমবারের মতো র্যাঙ্কিংয়ে ৬ নম্বরে বাংলাদেশ
-
মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ\'র ৭২ রানের জুটিতে বাংলাদেশের জয় নিশ্চিত হয়
ত্রিদেশীয় সিরিজের শেষ ম্যাচে ফেভারিট নিউজিল্যান্ডকে পাঁচ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। এই ম্যাচ জিতে প্রথমবারের মতো আইসিসির ওয়ানডে র্যাংকিংয়ে ছয়ে উঠে গেল লাল-সবুজের দল।
ডাবলিনে আজ টসে হেরে ব্যাটিংয়ে নেমে অধিনায়ক টম ল্যাথাম, নেইল ব্রুম এবং রস টেইলরের তিন অর্ধশতকে ভর করে নির্ধারিত ৮ উইকেটে ২৭০ রান সংগ্রহ করে নিউজিল্যান্ড। শুরুতেই লুক রনকিকে হারালেও অধিনায়ক টম ল্যাথাম ও নেইল ব্রুমের ব্যাটে বড় সংগ্রহের পথেই এগোচ্ছিল নিউজিল্যান্ড। একটা সময় মনে হচ্ছিল কিউইদের রানটা ৩০০ পেরিয়ে যাবে। তবে রানের চাকাটা টেনে ধরেন বাংলাদেশের বোলাররা। টম ল্যাথাম ও নেইল ব্রুমকে ফেরান নাসির হোসেন। এরপর মাশরাফি বিন মুর্তজা ও সাকিব আল হাসান মিলে নিউজিল্যান্ডের মিডল অর্ডারটা গুঁড়িয়ে দেন। দলের পক্ষে টম ল্যাথাম (৮৪), রস টেইলর (৬০) ও নিল ব্রুম (৬৩) রান সংগ্রহ করেন। অন্যদিকে, বাংলাদেশের হয়ে অধিনায়ক মাশরাফি, নাসির ও সাকিব দু’টি করে উইকেট লাভ করেন। এছাড়া মুস্তাফিজ ও রুবেল নেন একটি করে উইকেট।
২৭১ রানের জবাবে খেলতে নেমে নিউজিল্যান্ডের অফ স্পিনার জিতান প্যাটেলের প্রথম বলেই ছক্কা হাকান তামিম ইকবাল। পরের ওভারে এক রান নিয়ে স্ট্রাইকে পাঠান সৌম্যকে। তিনিও জিতানকে কাভারে তুলে মারতে গিয়ে অ্যান্ডারসনের হাতে তালুবন্দী হন। সৌম্য'র পর ক্রিজে আসেন আসেন সাব্বির।
এরপর দু’জনেই কাউন্টার অ্যাটাক শুরু করেন। দু’জনে মিলে ১৩৬ রান তোলেন। আউট হওয়ার আগে দু’জনেই ৬৫ রান করে নেন ঝুলিতে। এরপর মোসাদ্দেক ১০ ও সাকিব ১৯ রান করে আউট হলেও ষষ্ঠ উইকেট জুটিতে মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ ৭২ রানের দারুণ জুটি গড়ে দলকে জয়ের লক্ষ্যে পৌঁছে দেন। মুশফিক ৪৫ বলে ৪৫ আর মাহমুদউল্লাহ ৩৬ বলে ৪৬ রানে অপরাজিত থাকেন।

আজকের খেলায় জিতে ওয়ানডে র্যাংকিংয়েও গড়েছে ইতিহাস। শ্রীলঙ্কাকে টপকে প্রথমবারের মতো ষষ্ঠ স্থানে উঠে এসেছে টাইগাররা। আর এমন কীর্তিতে উচ্ছাস প্রকাশ করেছেন অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। ম্যাচ শেষে বললেন, ‘এক কথায় এর অনুভূতি অনেক কিছু। আমরা ধীরে ধীরে এগিয়ে আসছি। এটা সামনে ধরে রাখতে চাই। আমাদের এখনও অনেক দূর যেতে হবে। দেখা যাক কী হয়।’
শেষ ম্যাচ ৫ উইকেটে জিতলেও ম্যাচে ক্যাচ মিসের মহড়ায় হতাশা প্রকাশ করেছেন মাশরাফি। ক্যাচ মিস হলেও তামিম-সাব্বিরেরর ব্যাটিং নিয়ে প্রশংসা করেছেন মাশরাফি। বলেছেন, ‘তামিম আর সাব্বির আজকে অসাধারণ খেলেছে। আমরা চাইছিলাম ওরাই শেষ করুক। কিন্তু শেষ পর্যন্ত হয়তো হয়নি। তবে চ্যাম্পিয়নস ট্রফিতে ওদেরকে এখান থেকেই শিখে যেতে হবে।’
মাশরাফির মতো ম্যাচ শেষে এখান থেকেই শিখে যেতে চান ম্যাচসেরা মুশফিকুর রহিম। তার মতে, ‘শেষ দিকে বোলাররা ওদের আটকাতে পেরেছিল। তাতেই সব কিছু সহজ হয়েছে। আর এখান থেকেই আমাদের ভুলগুলো শুধরে নিতে হবে। কারণ নিউজিল্যান্ডও সেখানে খেলবে। তাই আমার মনে হয় ছেলেরা সেগুলো শুধরে নিতে পারবে। আশা করি চ্যাম্পিয়নস ট্রফিতে সেগুলো কাজে লাগাতে পারব। ’
আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত আইসিসির ওয়ানডে র্যাংকিংয়ে সেরা আটের মধ্যে থাকলেই ২০১৯ বিশ্বকাপে সরাসরি খেলা নিশ্চিত হয়ে যাবে বাংলাদেশের। #
পার্সটুডে/এআর/২৫