বিএনপি নির্বাচন চায়; সেজন্য সবাইকে সমান সুযোগ দিতে হবে: সরকারকে ফখরুল
-
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্বাচনের পরিবেশ তৈরিতে সবার জন্য সমান সুযোগ দেওয়া, বিএনপির নেতা-কর্মীদের মামলা না দেওয়া এবং সব মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছেন।
আজ (সোমবার) দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এক আলোচনা সভায় মির্জা ফখরুল সরকারকে উদ্দেশ করে বলেছেন, ‘আপনারা নির্বাচন করবেন, আর আমরা আদালতের বারান্দায় দাঁড়িয়ে দেখব, সে ধরনের নির্বাচন দেশে হবে না।’
বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এ আলোচনা সভায় মির্জা ফখরুল বলেন, বিএনপি অবশ্যই নির্বাচন চায়। তবে সেটি হতে হবে অংশগ্রহণমূলক, অর্থবহ নির্বাচন। এ জন্য দরকার নির্বাচনকালীন নিরপেক্ষ সহায়ক সরকার।
ফখরুল অভিযোগ করেন, সরকার উন্নয়নের ভুল পরিসংখ্যান দিয়ে মানুষকে বোকা বানাচ্ছে। তাদের প্রতিটি হিসাবে গড় মিল আছে। বিএনপি শিগগির এ বিষয়গুলো আনুষ্ঠানিকভাবে তুলে ধরবে। বিবিএসের প্রতিবেদনের উল্লেখ করে তিনি বলেন, সরকার প্রবৃদ্ধির কথা বলে। আজকের পত্রিকায় প্রমাণ আছে কী প্রবৃদ্ধি হচ্ছে। প্রবৃদ্ধি হচ্ছে আওয়ামী লীগের নেতা নেত্রীদের।
অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমেদ অভিযোগ করেন, আওয়ামী লীগ মুখে ধর্মনিরপেক্ষতার কথা বললেও তারা আসলে সুবিধাবাদী দল। ১৯৯৮ সালে ভোটের আগে তারা সবচেয়ে দক্ষিণপন্থি দল খেলাফতে মজলিশের সঙ্গে পাঁচ দফা চুক্তি করেছিল। সেখানে ফতোয়ার বিধানও ছিল। ভোট পাওয়ার জন্য আওয়ামী লীগ সেটা করেছিল। এখনো তারা একইরকম কাজ করছে।
ওদিকে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের গতকাল এক বিবৃতিতে বলেছেন, ‘হত্যা, ক্যু, ষড়যন্ত্র ও বন্দুকের নলের মাধ্যমে ক্ষমতায় আসা বিএনপির মুখে গণতন্ত্রের কথা শোভা পায় না। আইনের শাসনে বিশ্বাসী আওয়ামী লীগ প্রতিহিংসার রাজনীতি করে না।
তিনি আরও বলেন, ‘আন্তর্জাতিক আদালতে রায়ে ঘোষিত সন্ত্রাসী সংগঠন বিএনপির নেত্রীকে বলবো, ‘ধৈর্য ধরুন, ইতিবাচক রাজনৈতিক ধারায় ফিরে আসুন। নিজেদের অপকর্মের জন্য বাংলার মানুষের কাছে ক্ষমা চান। নতুবা এই অপরাজনীতির কারণে আপনাদের রাজনৈতিক অস্তিত্ব আরও সংকুচিত হবে।’#
পার্সটুডে/আব্দুর রহমান খান/গাজী আবদুর রশীদ/২৯